# নিজস্ব প্রতিবেদক :-
জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় আলোচনা অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল বলেন, নেমাজে ইসলামীর সভাপতি মাওলানা আতাহার আলী জেলার সবচেয়ে বড় রাজাকার ছিলেন। আর স্বাধীনতার এত বছর পরও তার পরিবারের লোকজন শহীদি মসজিদ লুটপাট করে খাচ্ছে। তাদের হাত থেকে শহীদি মসজিদকে মুক্ত করার জন্য জেলা প্রশাসক এবং আওয়ামী লীগ নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। এখন মুক্তিযোদ্ধাদের চেয়েও স্বাধীনতা বিরোধীরা অনেক বেশি টাকার মালিক বলেও তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন। তিনি টাকার বিনিময়ে নতুন নতুন মুক্তিযোদ্ধা তৈরিরও প্রতিবাদ জানান। তিনি বলেন, এত মুক্তিযোদ্ধা এখন আর বেঁচে নেই। অথচ এখন অনেক মুক্তিযোদ্ধা। তারা মাসে মাসে সরকার থেকে ২০ হাজার টাকা ভাতা পাচ্ছে, সরকারের ঘর পাচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের চেয়ে নতুন মুক্তিযোদ্ধাদের সন্তানরা মুক্তিযোদ্ধা কোটায় বেশি চাকরি পাচ্ছে। এসবের জন্য মুক্তিযোদ্ধা সংসদের নেতারা দায়ী, রাজনৈতিক নেতারা দায়ী, জামুকা দায়ী বলে তিনি মন্তব্য করেন। তার বক্তৃতার সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা বার বার হাততালি দিয়ে সমর্থন ব্যক্ত করেন।
শিল্পকলা মিলনায়তনে আজ ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে ৫৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এর আগে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল প্রমুখ। শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে উপহার সামগ্রি বিতরণ করা হয়।