# নিজস্ব প্রতিবেদক :-
জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় গণভবন থেকে প্রচারিত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে বড় পর্দায় সরাসরি দেখানো হয়। এরপর আলোচনা সভা করে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা ফ্রিল্যান্সারদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌর মেয়র মো. পারভেজ মিয়া ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান ছাড়াও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল ও জেলা মহিলা লীগ সম্পাদক বিলকিস বেগম ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যের ওপর আলোচনায় অংশ নেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার নাবিলা ফেরদৌস।
আলোচকগণ বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তুলে ধরার পর অনেকেই এর মর্মার্থ ও ভবিষ্যৎ সুফল বুঝতে না পেরে কটুক্তি করেছেন, হাস্যরস করেছেন। এখন গোটা জাতি এর সুফল ভোগ করছে। আজকে ডিজিটাল প্রযুক্তির সুবাদে মানুষ ঘরে বসে অনেক সেবা পাচ্ছে। এতে সেবার গতি ত্বরান্বিত হয়েছে, হয়রানি কমেছে, খরচও কমেছে। এখন অনলাইনে খাবার সংগ্রহ করা থেকে শুরু করে শিক্ষার্থীদের ভর্তির আবেদন, পরীক্ষার ফল জানা, মোবাইল ফোনে সরকারি ভাতা গ্রহণ, করোনার মধ্যে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা, মামলা পরিচালনা করা, অফিস আদালতের কাজ চালানো, জুম প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সভা করা ইত্যাদি কাজকর্মের নজির তৈরি হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যুবক-তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনলাইনে ব্যবসা পরিচালিত হচ্ছে।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা ফ্রিল্যান্সারদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে অতিথিগণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।