# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নবগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এখানে যোগদান করেছেন গত ৭ ডিসেম্বর। যোগদানের পর আজ ১১ ডিসেম্বর রোববারই প্রথম কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতি হিসেবে যোগ দিলেন। তার কাছে জেলার সামগ্রিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন। এর জবাবে তিনি জেলাকে আরও অধিকতর ভাল করা ও ভাল রাখার চেষ্টা করার ঘোষণা দিয়েছেন। তিনি জেলা শহর কিছুটা ঘুরে দেখেছেন। আরও দেখবেন। কোথায় কি সমস্যা আছে দেখবেন, ভালমন্দ পর্যবেক্ষণ করবেন। সারা জেলার খোঁজ নেবেন। সকলের সহযোগিতা নিয়ে তিনি আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে সভায় জানিয়েছেন। অন্যান্য বক্তাগণ জেলার সামগ্রিক পরিস্থিতি বরাবরের মতই অনেক জেলার তুলনায় ভাল আছে বলে জেলা প্রশাসককে অবহিত করেছেন। তবে মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, খুনখারাবিসহ যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, সেগুলি আরও নিয়ন্ত্রণেরও প্রত্যাশা ব্যক্ত করেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী নাসিরুল ইসলাম খান, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোশতাকুর রহমান, নিকলী উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূইয়া জনি, বাজিতপুর উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলি, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজসহ বিভিন্ন সদস্য বক্তব্য রাখেন।
পুলিশ সুপার বলেছেন, কিশোর অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনী কাজ করছে। ১৪১ জনের তালিকা ধরে কাজ হচ্ছে। তবে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একটি কিশোরের নামে একাধিক মামলা থাকার পরও তার বাবা যদি বলেন, ছেলেটা এখনও নিজের হাতে খেতেই পারে না। তাহলে কিশোর অপরাধ নির্মূল করা যাবে না। ফলে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন হবার জন্য তিনি আহবান জানিয়েছেন। জেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে এখন একেবারে ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং সভা করা হচ্ছে। মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। সবাই সচেতন হলে, পুলিশ বিভাগকে সহযোগিতা করলে কি সন্ত্রাস কি মাদক, সব অপরাধ প্রবণতাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন।
সভায় উপস্থাপিত আইন শৃংখলা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, গত নভেম্বর মাসে আইন শৃংখলা বাহিনী ৮ কেজি গাঁজা, ৩ হাজার ১৬০ পিস ইয়াবা, ২৪৬ বোতল বিদেশি মদ ও ৪৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ৮১ মাদক ব্যবসায়ীকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৩৬টি। এছাড়া নভেম্বরে ৯টি ধর্ষণ এবং ৮টি খুনের ঘটনাও ঘটেছে। এসব খুনের মধ্যে চোরের হাতে খুন, ব্যক্তিগত বিরোধে খুন এবং এক মাসের এক অজ্ঞাত পরিচয় নবজাতকের লাশ উদ্ধারের ঘটনাও রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী সভাটি হয়েছে। সভায় বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।