# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বাণিজ্যিক বন্দর উপজেলা ভৈরব। এই উপজেলার একটি বাড়তি গুরুত্ব রয়েছে এখানে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও নারী নেত্রী শহীদ আইভি রহমানের বাড়ি বলে। ভৈরবের গুরুত্বপূর্ণ সড়ক জংশন কমলপুর বাসস্ট্যান্ড মোড়ে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলিতে নির্মিত হয়েছে ‘দুর্জয় ভৈরব’ স্মৃতিসৌধ। এছাড়া ভৈরব বাজারস্থ পৌর কার্যালয়ের সামনে পৌর কর্তৃপক্ষ নির্মাণশৈলিতে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারটি। কিন্তু মুক্তিযুদ্ধের স্মারক এই স্মৃতিসৌধ ও ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনারটি সারা বছরই বিভিন্ন রাজনৈতিক ও স্কুল কলেজের পোস্টারে ঢেকে থাকে। এমনকি বিভিন্ন ব্যবসায়িক সাইনবোর্ডও দেখা যায়। জেলা পরিষদের নির্মিত দৃষ্টিনন্দন এ স্মৃতিসৌধটির মর্যাদার দিকে স্থানীয় রাজনীতিকরা ভ্রুক্ষপ করছেন না। এর সৌন্দর্য ঢাকা পড়ে থাকছে সারি সারি পোস্টার আর প্লাকার্ডের আড়ালে। এদিকে ভৈরব শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারটি সারা বছরই থাকে দোকান পাট আর ব্যানারে আবৃত। এখন চলছে বিজয়ের মাস। এরপরও কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব স্মৃতিসৌধটির পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করেও পোস্টার-প্লাকার্ডগুলো অপসারণ করা হচ্ছে না।
কিশোরগঞ্জ-ঢাকা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-সিলেট-চট্টগ্রাম, সিলেট-ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রোডের গুরুত্বপূর্ণ সড়ক মোড় ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড এলাকা। এমনকি বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী এলাকার লোকজনও প্রায়শই ভৈরবের কমলপুর মোড় হয়ে ঢাকায় যাতায়াত করে থাকেন। ফলে অত্যন্ত যৌক্তিক কারণেই কমলপুর মোড়ে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সারা বছরই স্মৃতিসৌধটির চারপাশ ঘিরে পোস্টার আর প্লাকার্ডে ছেয়ে থাকে। স্মৃতিসৌধটির পবিত্রতা ও সম্মান রক্ষার্থে এর চারপাশে যেন কেউ কোন পোস্টার বা প্লাকার্ড না লাগান, এই আকুতি এলাকাবাসীর।