# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রফিকুল বাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের প্রশিক্ষক রুবিনা আরিফ, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক আফরিন সুলতানাসহ প্রশিক্ষণার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখা নারী ক্যাটাগরীতে সাফল্য অর্জন করা পাঁচ নারীকে জয়িতা হিসেবে ক্রেস্ট, সনদ ও শীতের শাল উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।