# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে অন্যায় মালিকানা দাবি করে একটি প্রভাবশালী মহল অন্যের জায়গা দলখ করে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৯৬৭ সালে জমি কিনে খারিজ করে এতবছর খাজনা দিয়ে আসলেও বিক্রেতার স্বজনরা এখন সেই জমিতে দখল নিয়ে ভবন নির্মাণ করছে। জায়গার বিক্রেতা মারা যাবার পর এখন তার মেয়ে এবং নাতিরা জায়গার মালিকানা দাবি করে জায়গটি জবরদখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে জমির মালিক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হলে সদর থানার ওসিকে ওই জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখার আদেশ দিয়ে ১৪৪ ধারা জারি হবার পরও দখলদাররা থামছে না বলে জানা গেছে।
মামলার বাদী রফিকুল ইসলামের ছোট ভাই মো. শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের ছেলে ওবায়দুল্লাহ রাসেল জানিয়েছেন, সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নগাঁও মৌজার উত্তর মারিয়া এলাকায় তাদের ওই জায়গা। বাদী রফিকুল ইসলামের বাবা মো. আলকাছ উদ্দিন মিয়া মো. ইয়াকুব আলীর কাছ থেকে ১৯৬৭ সালে ২৪ এপ্রিল হালদাগ ৫০০৮ ও সাবেক ২৭০৭ নং দাগের সাড়ে ১৬ শতাং জায়গা কিনেছিলেন। এরপর ওই জায়গার নামজারি করে খাজনাও পরিশোধ করে আসছেন। এর মধ্যে ৪ শতাংশ ছাড়া বাকি জায়গা সরকার কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের জন্য ক্ষতিপূরণের বিনিময়ে অধিগ্রহণ করেছে। ইতোমধ্যে জায়গার ক্রেতা আলকাছ উদ্দিন এবং বিক্রেতা ইয়াকুব আলী উভয়েই মারা গেছেন। এখন আলকাছ উদ্দিনের তিন ছেলে তবিবুর রহমান, রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম এই জায়গার মালিক। তারা এ জায়গার ওপর পাকা স্থাপনা তৈরি করছিলেন। প্রাচীর কিছুটা নির্মাণ করার পর জায়গার বিক্রেতা ইয়াকুব আলীর মেয়ে জহুরা (৬৮) ওই জায়গার মালিকানা দাবি করে তার তিন ছেলে এবং অন্য সহযোগিদের দিয়ে জায়গা দখল করে নিজেরা স্থাপনা নির্মাণ করছেন।
এ ব্যাপারে জায়গার ক্রয়সূত্রে মালিক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জহুরা (৫৮), তার দুই ছেলে আলম (৩০) ও মাসুদসহ (৫০) শহরের নগুয়া এলাকার শাহ কুতুব হোসাইন (৩৬) ও শাহ নূর রিয়াদকে (৩৮) বিবাদী করে গত ২৯ আগস্ট মামলা করেছেন। বিচারক গত ২১ নভেম্বর সদর মডেল থানার ওসিকে জায়গার ওপর শান্তিশৃংখলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছিলেন। ওসি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য এসআই কায়সার হামিদকে দায়িত্ব দেন। এসআই কায়সার হামিদকে এ ব্যাপরে প্রশ্ন করলে জানান, আদালত ১৪৪ ধারা জারি করলে সেই নোটিশ সংশ্লিষ্ট পক্ষকে তিনি পৌঁছে দিয়েছেন। এদিকে মামলার বাদী রফিকুল ইসলামের ভাই মো. শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের ছেলে ওবায়দুল্লাহ রাসেল জানান, পুলিশের মাধ্যমে আদালতের নোটিশ পাবার পরও প্রতিপক্ষ নিবৃত্ত হয়নি। তাদের পেশীশক্তি আছে। তাদের সঙ্গে মারামারি করা সম্ভব নয়। সেই কারণেই তারা জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। তবে এসআই কায়সার হামিদ এ বিষয়ে জানান, এখন যদি জহুরা বেগমদের পক্ষ জায়গা দখল এবং স্থাপনা দখল করতে আসেন এবং তাকে বাদী পক্ষ জানায়, তাহলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
দখলদার জহুরার ছেলে মাসুদ এবং অপর বিবাদী শাহ কুতুবের সঙ্গে কথা হলে তারা জানান, জায়গার মালিকানা নিয়ে সমস্যা আছে। তারাও এই জমির বিষয়ে আদালতে মামলা করেছেন। মামলা এখনও চলমান রয়েছে বলে তারা জানিয়েছেন।