# নিজস্ব প্রতিবেদক :-
রাতে চুরি করার সময় চিনে ফেলায় কটিয়াদীতে সকালে প্রকশ্যে বাবুল মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন নূরে আলম (৩০) নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। ঘাতককে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করছেন। আজ ৫ নভেম্বর শনিবার সকাল ৮ টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, কটিয়াদী পৌর এলাকার পশ্চিমপাড়া (নদীর চর) গ্রামের মোতালিব মিয়ার ছেলে নিহত বাবুল মিয়া একজন ফেরিওয়ালা। শুক্রবার দিবাগত গভীর রাতে বাবুল মিয়ার ঘরে সিঁধ কেটে ঢুকে মোবাইল ফোন ও বিদেশ যাওয়ার জন্য জমানো টাকা চুরি করার সময় বাবুল মিয়ার শিশুপুত্র আব্দুল্লাহ (৮) দুই চোরের মধ্যে নূরে আলমকে চিনে ফেলে এবং সে সকালে তার বাবাকে ঘটনা জানায়। বাবুল মিয়া এলাকার পৌর কাউন্সিলরসহ কয়েকজনকে বিষয়টি অবহিত করেন। এ কথা জানতে পেরে সন্ত্রাসী নূরে আলম আজ ৫ নভেম্বর শনিবার সকাল ৮ টার দিকে ছোরা নিয়ে খুঁজতে খুঁজতে বাবুল মিয়াকে বাড়ির পাশে একটি দোকানের সামনে পেয়ে যান। সেখান থেকে তাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পশ্চিমপাড়ার আওয়াল মিয়ার বাড়ির কাছে নিয়ে গলায় ছুরিকাঘাত করেন। এসময় বাবুল মিয়ার শিশুপুত্র আব্দুল্লাও সঙ্গে ছিল। আব্দুল্লাহর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে বাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবুলকে হত্যার পর নূরে আলম বাবুলের বাড়িতে গিয়ে বাবুলের ছোট ভাই রুবেলকেও ছুরিঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক নূরে আলমকে গ্রেফতার করেছে। তবে ছোরাটা উদ্ধার করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক নূরে আলম চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বেগম বাদী হয়ে মামলা করছেন বলে জানিয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন।