• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে চিনি উধাও ২০ টাকা বেশি দিলে আছে আটায় বেড়েছে ১০ টাকা

কিশোরগঞ্জে চিনি উধাও
২০ টাকা বেশি দিলে আছে
আটায় বেড়েছে ১০ টাকা

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের কোন দোকানে চিনি পাওয়া যাচ্ছে না। প্রকাশ্য মূল্য তালিকা থেকেও চিনি উধাও। তবে সরকারি দামের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি দিলে আছে। পরিচিত ক্রেতা হলে গোপন মজুদ থেকে বের করে এনে দেয়া হচ্ছে। প্যাকেটজাত আটার দামও মঙ্গলবার থেকে কেজিতে ১০ টাকা বেড়েছে। ডিমের দামও ডজনে বেড়েছে ৩ টাকা।
২৫ অক্টোবর মঙ্গলবার বিভিন্ন দোকানে খোঁজ নিলে ব্যবসায়ীরা জানান, সরকার প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করে দিয়েছে ৯০ টাকা। কিন্তু দোকানিদের কিনতেই হচ্ছে ১০৭ টাকা কেজি। ফলে তাদের বিক্রি করতে হচ্ছে ১১০ টাকা কেজি। অর্থাৎ সরকারি দামের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি। যে কারণে প্রকাশ্যে চিনি বিক্রি করা সম্ভব হচ্ছে না। কিছুদিন আগেও প্রতি কেজি প্যাকেটজাত আটা স্থানীয় ব্যবসায়ীরা কোম্পানি থেকে কিনেছেন ৫৩ টাকায়, বিক্রি করেছেন ৫৫ টাকায়। আর কয়েকদিন ধরে একই আটা কোম্পানি থেকে কিনছেন বাড়তি দামে ৫৮ টাকায়, আর বিক্রি করেছেন ৬০ টাকায়। ব্যবসায়ীরা জানান, আটা প্রস্তুতকারী কোম্পানির প্রতিনিধিরা মঙ্গলবার এসে জানিয়ে দিয়ে গেছেন, মঙ্গলবার থেকেই প্যাকেটজাত প্রতি কেজি আটার দাম ১০ টাকা বেড়েছে। অর্থাৎ মঙ্গলবার থেকে ক্রেতাদের এক কেজি আটা কিনতে হবে ৭০ টাকায়। তবে আগের দামে কেনা আটাগুলো ৬০ টাকাতেই বিক্রি হয়েছে। ডিমের দামও ডজনে ৩ টাকা বেড়েছে। এতদিন প্রতি ডজন ডিম ১২০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে। এখন বিক্রি হচ্ছে ১৩৮ টাকা ডজন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সরকার কোন কোন পণ্যের যে দাম নির্ধারণ করে দেয়, কোম্পানিগুলো তার চেয়ে বেশি দামে স্থানীয় ব্যবসায়ীদের মালামাল সরবরাহ করে থাকে। ফলে কোম্পানির দামে এসব পণ্য প্রকাশ্যে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের খড়গে পড়তে হবে। যে কারণে প্রকাশ্য মূল্য তালিকা থেকে এসব পণ্যের মূল্যটি মুছে ফেলা হয়। ক্রেতাদের সঙ্গে লুকোচুরি করে পণ্য বিক্রি করতে হয়। দাম বেশি দিলে পরিচিত ক্রেতাদের গোপন মজুদ থেকে এনে পণ্য দেয়া হয়। ফলে বাজারে চিনি নেই, কথাটা ঠিক নয়। সবার কাছেই আছে, কিন্তু প্রকাশ্যে বিক্রি করতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *