• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ঝড়ে কিশোরগঞ্জে বটগাছ ভেঙে ট্রাফিক বক্স বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি কৃষিতে মিশ্র প্রভাব

উপড়ে পড়া শতবর্ষী বটগাছটি -পূর্বকণ্ঠ

ঝড়ে কিশোরগঞ্জে বটগাছ
ভেঙে ট্রাফিক বক্স বিদ্যুৎ
লাইনের ব্যাপক ক্ষতি
কৃষিতে মিশ্র প্রভাব

# নিজস্ব প্রতিবেদক :-
সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে কিশোরগঞ্জ শহরে একটি শতবর্ষী বটগাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিক বক্স আর বিদ্যুৎ লাইনের। সিত্রাং-এর প্রভাবে সোমবার দিনব্যাপী ছিল অবিরাম বৃষ্টিপাত। রাতে শুরু হয় ঝড়ো হাওয়া। এতে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহও বার বার বন্ধ হয়ে যায়। কোন কোন এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকে। এছাড়া সিত্রাং-এর বৃষ্টির ফলে কৃষিতে উপকার অপকার দু’টোই হয়েছে।
কিশোরগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল সংলগ্ন ‘বটতলা’ মোড়ের নামকরণটি হয়েছিল যেই শতবর্ষী বটগাছটির অস্তিত্বের সুবাদে, সেটি রাতের ঝড়ে উপড়ে পড়েছে পাশের ট্রাফিক বক্সের ওপর। সেসময় সেখানে কেউ ছিলেন না। যে কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাফিক বক্সের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় গাছপালা, কিছু কাঁচা ঘরসহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অবশ্য আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আর কোন বৃষ্টিপাত হয়নি। তবে এই বৃষ্টিতে আমন ধানের উপকার হয়েছে জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বলেছেন, যেসব জমিতে বিলম্বে আমন রোপন করা হয়েছিল, সেগুলিতে এই বৃষ্টির ফলে বেশ উপকার হবে। কৃষকদের ডিজেল খরচ করে সম্পূরক সেচ দিতে হবে না। তবে আগাম রোপন করা যেসব জমিতে ধানের শীষ বেরিয়েছে, সেগুলি বাতাসের ঝাপটায় নুইয়ে পড়েছে। পরাগ রেণুরও কিছু ক্ষতি হয়েছে। তবে খুব বেশি ক্ষতি হবে না। ঝড়বৃষ্টিতে শাকসবজির বেশ ক্ষতি হয়েছে। অন্যদিকে শীতকালীন শাকসবজি এবং সরিষা আবাদের জন্য প্রস্তুত করা জমিগুলোতে বৃষ্টির কারণে চাষাবাদ অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাবে বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *