# মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মোট ২৯টি করাতকল রয়েছে যার মধ্যে ২৪টিই অবৈধ। নতুন করাতকল স্থাপনে বন বিভাগের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক হলেও বছরের পর বছর ধরে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই চলছে এসব করাতকল। অবৈধ করাতকলে বিদ্যুৎ সংযোগ না দেয়ার বিধান থাকলেও বেশির ভাগ করাতকলে রয়েছে বিদ্যুৎ সংযোগ।
উপজেলা বন বিভাগ সূত্র জানায়, বাজিতপুরে ২৯টি করাত কলের মধ্যে বর্তমানে লাইসেন্স আছে ৫টির। বাকী ২৪টি কোন লাইসেন্স নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজিতপুর পৌরসভা ১৬টি, সরারচর ইউনিয়নে ৬টি, পিরিজপুর ইউনিয়নে ৪টি, হিলচিয়া ইউনিয়নে ৩টি করাতকল রয়েছে। এই সব করাতকলের বেশিরভাগ ব্যস্ততম সড়কের পাশে বাজারে অবস্থিত। সড়কের একাংশে গাছের গুঁড়ি ফেলে দখল করে আছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে করাতকল থাকার নিষেধাজ্ঞা থাকলেও অনেকে তা মানছেন না। সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ, সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে অংশ দখল করে আছে গাছের গুঁড়ি ফেলে যেন দেখার কেউ নেই ।
স’সিল মালিক তরিকুর রহিম তুফা বলেন, আগে আমাদের লাইসেন্স ছিল। বাবা স’মিলটি ভাড়া দিলে তিনি আর লাইসেন্স নবায়ন করেনি। আমরা আবার চেষ্টা করছি লাইসেন্স করার। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া কঠিন।
বাজিতপুর উপজেলা বন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আমরা অবৈধ করাতকল গুলির তালিকা করেছি। বাজিতপুর পৌরসভায় ১৬টির মধ্যে ৫টি লাইসেন্স আছে। ইউনিয়নে ১৩টির কোন লাইসেন্স নেই। অবৈধ করাতকল বৈধ বিদ্যুৎ সংযোগ পেতে পারে না। আমরা পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের চিঠি দিয়েছি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার জন্য।
পিডিবি নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ আলী জানান, তারা বৈধ ভাবেই বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। সরকার নতুন নিয়ম করেছে অবৈধ করাতকল বিদ্যুৎ সংযোগ পাবে না। আমরা চিঠি পেয়েছি আগামী মাসে ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুন বলেন, লাইসেন্স বিহীন করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তাদের লাইসেন্স করার জন্য সময় দেয়া হয়েছে। লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।