ভৈরবে এক হাজার জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় বিশেষ সহায়তার আওতায় জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে এই চাল বিতরণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ¦ ইফতেখার হোসেন বেনু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, ট্যাগ অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা তাসনিম শামসুন্নাহার, পৌর কাউন্সিলর মো. ফজলু মিয়া ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন এই সময় উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, কর্মসূচির আওতায় ভৈরব পৌর এলাকায় ২২০ জন জেলে পরিবারের মাঝে সাড়ে পাঁচ হাজার, উপজেলার গজারিয়া ইউনিয়নে ১৩০ পরিবারের মাঝে ৩ হাজার ২৫০ কেজি, কালিকাপ্রসাদে ২০ পরিবারের মাঝে ৫০০ কেজি, আগানগরে ৩৩০ পরিবারে ৮ হাজার ২৫০ কেজি, শিবপুরে ২০ পরিবারে ৫০০ কেজি, শিমুলকান্দিতে ৩০ পরিবারে ৭৫০ কেজি, শ্রীনগরে ১০০ পরিবারে ২ হাজার ৫০০ কেজি ও সাদেকপুরে ১৫০ পরিবারের মাঝে ৩ হাজার ৭৫০ কেজি চাল বিতরণ করা হয়।
শুধুমাত্র ২৫ কেজি চালের বিনিময়ে দীর্ঘ ২২ দিন মাছ শিকার থেকে বিরত থাকা তাদের জন্য খুবই কষ্টদায়ক বলে দাবি করেন অনেক জেলে। তাদের দাবি, যেখানে প্রতিদিন জাল নিয়ে বের না হলে তাদের জীবন জীবিকা চলে না, সেখানে ২২ দিন কাজ বন্ধ থাকা চিন্তা করাও কঠিন। তাই সহায়তার পরিধি ও পরিমাণ বৃদ্ধির দাবি জানান তারা।