• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

অতি দরিদ্র থেকে স্বচ্ছলতায় উত্তীর্ণ হীরণা আর সেতুরা

প্রশাসনের কর্মকর্তাদের নিজের গবাদি পশু দেখাচ্ছেন সেতু আক্তার -পূর্বকণ্ঠ

অতি দরিদ্র থেকে স্বচ্ছলতায়
উত্তীর্ণ হীরণা আর সেতুরা

# নিজস্ব প্রতিবেদক :-

জীবিকার লড়াইয়ে সফল হয়েছেন কিশোরগঞ্জের হীরণা আর সেতুর মত বহু নারী। ভাঙা টিনের ঘর থেকে তৈরি করেছেন হাফ বিল্ডিং। কিনেছেন বাড়ি আর কৃষি জমি। বাণিজ্যিক ভিত্তিতে লালন করছেন গবাদি পশু। সন্তানদের প্রণোদনা দিয়ে ব্যবসায় নামিয়েছেন। পরিবারে এক সময়ের নির্যাতনের ঘটনা এখন কেবল স্মৃতি। পরিবার আর সমাজে তাদের সম্মান বেড়েছে। বরং শ্রমজীবী স্বামীরা এখন ক্রমশ স্ত্রীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অতি দরিদ্র নারীদের উন্নয়ন প্রকল্পের (আল্ট্রা পুওর গ্রেজুয়েশন) আওতায় অনুদান পেয়ে তাদের আজ এই ইতিবাচক পরিবর্তন বলে এই সুফলভোগী নারীরা জানিয়েছেন।
ব্র্যাকের দেশব্যাপী অতি দরিদ্র নারীদের উন্নয়ন প্রকল্পের ২০ বছর পূর্তি এবং ১৭ অক্টোবর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উদযাপন চলছে। এ উপলক্ষে সারাদেশে ব্র্যাক বছরব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ব্র্যাকের কাছ থেকে গরু-ছাগল, দোকান আর কৃষিতে অনুদান পেয়ে এক সময়ের অতি দরিদ্র নারীরা আজ কোন পর্যায়ে পৌঁছেছে, তা মাঠ পর্যায়ে গিয়ে যাচাই আর অনুসন্ধান চলছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে বিভিন্ন প্রকল্প এলাকায় গিয়ে সুবিধাভোগিদের সাক্ষাতকার নেয়া হচ্ছে। সরেজমিনে যাচাই করা হচ্ছে, আসলেই তাদের অবস্থার কতটা উন্নতি হয়েছে, উপার্জনের খাতসহ স্থাবর সম্পদের কতটুকু ব্যাপ্তী ঘটেছে।টিনের ভাঙা ঘর থেকে আধাপাকা ঘরে বাস করছেন হীরণা আক্তার -পূর্বকণ্ঠ

আজ ১৯ অক্টোবর বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনামকে নিয়ে ব্র্যাক কর্মকর্তারা গিয়েছিলেন সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চন্দ্রাবতী মন্দির এলাকায়। সেখানে অতি দরিদ্র থেকে স্বচ্ছলতায় উত্তীর্ণ নারীদের সঙ্গে তারা কথা বলেছেন। তাদের উন্নয়নের গল্প শুনেছেন। এসময় সেতু নামে এক নারী জানান, তিনি ব্র্যাকের এই প্রকল্পের অনুদান হিসেবে একটি গরু পেয়ে সেটি লালন করে বিক্রি করে সেই টাকা দিয়ে আবার গরু এবং ছাগল কিনেছেন। তার পরিবারে সুপেয় পানির ব্যবস্থা ছিল না। ছিল না স্বাস্থ্যসম্মত পায়খানা। এখন তার পরিবারে এসব সুবিধা রয়েছে। ব্র্যাকের কর্মকর্তারা সবসময় তদারকি করেছেন যেন তাদের অনুদান আর্থিক অবস্থার উন্নয়নে কাজে লাগে, বৃথা না যায়। উপস্থিত কর্মকর্তারা সেতুর উন্নয়নের গল্প শোনার পর তার লালন করা গরু এবং ছাগলগুলো দেখিয়েছেন।
পার্শ্ববর্তী লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচরে গিয়ে দেখা গেছে, আরেক সফল নারী হীরণা টিনের ভাঙা ঘর থেকে এখন বাস করছেন হাফ বিল্ডিংয়ে। এক সময় তিনি স্বামীসন্তান আর গরু নিয়ে এই একটি টিনের ঘরে ভাগাভাগি করে বাস করতেন। ২০০৫ সাল থেকে ব্র্যাকের সঙ্গে তার যোগাযোগ। ব্র্যাক দু’টি গাভী কিনে দিলে এর থেকে তিনি ১০টি মূল্যবান গরু বিক্রি করেছেন এখনও ঘরে একটি গাভী আর একটি লক্ষাধিক টাকা মূল্যের ষাঁড় বাছুর রয়েছে। আগামী কোরবানির ঈদে অন্তত ৩ থেকে ৪ লাখ টাকার যোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে। ৫ ছেলে এক মেয়ের মধ্যে ৪ ছেলেকে পুঁজি দিয়েছেন। তারা ঢাকায় কাপড়ের ব্যবসা করেন। মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে। ছোট ছেলেটি চতুর্থ শ্রেণিতে পড়ে। তিনি তার আয় থেকে জমি কিনেছেন, বাড়ি কিনেছেন। স্বামী খুরশিদ মিয়া কৃষি কাজ করছেন। তার মত আরও বেশ কয়েকজন নারী তাদের সাফল্যের কাহিনী শুনিয়েছেন। কর্মকর্তারা তাদের সাফল্যের কাহিনী শুনে আরও উৎসাহ দিয়ে বলেছেন, কেবল সরকারের পক্ষে একা সকল মানুষের উন্নয়ন করা সম্ভব নয়। সকল সংস্থা ও ব্যক্তিকে যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়াতে হবে। আজকে বাংলাদেশ অনুন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এভাবে সবাই মিলে কাজ করলে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী দেশ উন্নত দেশের কাতারে উঠে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জ জেলায় মোট ৩২ হাজার ৩৫ জন নারী এবং ২৩৫টি প্রতিবন্ধী পরিবার এই প্রকেল্পর আওতায় রয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাইজখাপন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেন, বিজন কুমার দাস, কাজিউল কুজ্জাত খান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. জমির আলী, হিসাব ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাসসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *