ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকা যানজটমুক্ত করণের লক্ষ্যে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্জয় মোড় এলাকা যানজটমুক্ত করতে মাসব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরণ, দুর্জয় মোড়ের চারপাশে ২০০ গজের মধ্যে কোন যানবাহন থামবে না ও যাত্রী উঠানামা করবে না, দুর্জয় মোড়ের চারপাশের বিভিন্ন বাস কাউন্টার সরানো, আগামী একসপ্তাহের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার ডানপাশ লোহার রড দিয়ে বন্ধ করণ, সড়কের শৃংখলা বিধানে ও গণসচেতনতার জন্য স্কাউট, বিএনসিসি ও নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে সপ্তাহব্যাপী প্রচারণা চালানোসহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব পৌরসভার মেয়র ও নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নিসচার উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাব সভাপতি ও নিসচার উপদেষ্টা অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব শাখাওয়াত উল্লাহ, ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ আলম, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক (পিপিএম), নিরাপদ সড়ক চাই ও পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, ভৈরব বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আসিফউদৌল্লাহ আবু, যুগ্ম-সম্পাদক কাজী কবির আহমেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ভৈরব দেশের একটি স্বনামধন্য উপজেলা। এখানে প্রতিদিন সড়কে প্রায় ৫০ হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ের যানজটের কারণে এ পথে চলাচলকারী সকলেরই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে ভৈরবের সংশ্লিষ্ট সকলের সুনাম নষ্ট হচ্ছে। বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও তার কোন স্থায়ী সমাধান হচ্ছে না। এবার এই জনগুরুত্বপূর্ণ বিষয়টিকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্জয় মোড়কে যানজট মুক্ত করতে চাই। এ ব্যাপারে তিনি সড়ক নির্মাণকারী সংস্থা, পুলিশ, পরিবহন মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি, ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের মানুষজন উপস্থিত ছিলেন।