কিশোরগঞ্জ পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বরাবরের মতই নাজুক। কেবল পৌর কর্তৃপক্ষের গাফিলতিই নয়, পৌরবাসীর অসচেতনতার কারণেও সামান্য বৃষ্টি হলেই অনেক এলাকার বাসিন্দাদের জলজটে নাকাল হতে হয়। এখন সাগরে নিম্নচাপ চলছে। ফলে বৃষ্টিও হচ্ছে। তবে নিম্নচাপের সময় সাধারণত ভারী বর্ষণ হয় না। বৃষ্টি হয় মাঝারি মানের। আর আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার এই মাঝারি বৃষ্টিতেই শহরের নগুয়া, খরমপট্টি, গাইটাল, বত্রিশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতার সময় এসব এলাকায় পায়ে হেটে যাতায়াতের কোন সুযোগ থাকে না। নিকট দূরত্বেও রিক্সা বা মিশুক খুঁজতে হয়।
নগুয়া এলাকার বাসিন্দা মুনিরুজ্জামান খান সোহেল জানিয়েছেন, তার এলাকার এঞ্জেল প্রিক্যাডেট স্কুল এবং লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের সামনের রাস্তা এখন পানির দখলে। আশপাশের যতসব ময়লা আবর্জনা, এখন সেগুলি পানিতে ভেসে বেড়াচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি জানান, নগুয়া প্রথম মোড় থেকে যে ড্রেন দিয়ে এলাকার পানি উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে নরসুন্দা নদীতে যাবার কথা, সেই ড্রেন দিয়ে পানি উল্টো পথে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ড্রেনের নির্মাণ ত্রুটির কারণে এর ঢাল তৈরি হয়েছে উল্টো। এরপরও যদি ড্রেনটি পরিস্কার থাকতো, তাহলেও ড্রেন উপচে পানি রাস্তায় উঠতে পারতো না বলে তিনি মনে করেন। তিনি জানান, এলাকার মানুষেরও দোষ এবং অসচেতনতা রয়েছে। তারা এই ড্রেনের ভেতর কঠিন বর্জ্য ফেলে ড্রেন বন্ধ করে ফেলেছেন। ড্রেনে এসব আবর্জনা না ফেললে এই সময়ের বৃষ্টিতে রাস্তায় পানি জমতে পারতো না। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন, তিনি খরমপট্টি এলাকার যে বাসায় থাকেন, এর পাশের ড্রেনে প্রতিবেশিরা বাসার প্রতিদিনের বর্জ্য পলিথিনে পুরে ড্রেনে ছুঁড়ে মারেন। আর এসব পলিথিন যেহেতু অপচনশীল, ফলে এগুলি ড্রেনে জমে জমে ড্রেনটি বন্ধ করে ফেলে। আর বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় বলে তিনি মনে করেন। বর্তমানে পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ওমরাহ হজ্বব্রত পালনে সৌদী আরবে রয়েছেন। ফলে এ ব্যাপারে তার মতামত গ্রহণ করা সম্ভব হয়নি।