• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সেচ আর বৃষ্টির অভাবে হুমকিতে কিশোরগঞ্জের আমন ধানের আবাদ

হোসেনপুরে শুকনো আমন জমির দৃশ্য। (ইনসেটে) ফেটে যাওয়া চারা মরে যাওয়া জমির চিত্র -পূর্বকণ্ঠ

সেচ আর বৃষ্টির অভাবে
হুমকিতে কিশোরগঞ্জের
আমন ধানের আবাদ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে এবার সেচ সঙ্কট আর অনাবৃষ্টিতে আমন আবাদ হুমকিতে পড়েছে। বহু জমি ফেটে যাচ্ছে, গোছা গোছ চারা মরে যাচ্ছে। আবার বহু জমিতে পানির অভাবে চারা রোপন করা যাচ্ছে না। দুশ্চিন্তায় আছেন কৃষকরা। এবার বিদ্যুতের নজিরবিহীন লোডশোডিংয়ের কারণে আমন জমিতে বিদ্যুৎচালিত পাম্পের সাহায্যে সময়মত সেচ দেয়া সম্ভব হচ্ছে না। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে এসব পাম্পও কৃষকরা চালাতে পারছেন না। আবার প্রয়োজনীয় মাত্রায় বৃষ্টিও হচ্ছে না, থাকছে টানা অনাবৃষ্টি। ফলে জমিতে পানি নেই। কয়েকদিন আগেই চারা রোপন করা হয়েছে। প্রতিটি গোছার চারা একটু একটু করে বড় হচ্ছিল, আবার নতুন নতুন চারাও গজাচ্ছিল। এ সময় পানির খুব প্রয়োজন ছিল। কিন্তু জমি কটকটা শুকনো। জমিতে রস নেই, বরং বহু জমি রুক্ষ হয়ে ফেটে যাচ্ছে। এর ফলে নবীন চারার বাড়ন্ত সময়ে পানির অভাবে পুরো জমি নিস্তেজ হয়ে যাচ্ছে। ধানের বহু গোছা মরেও যাচ্ছে।
কৃষকরা জানান, এবার দিনেরাতে ৪ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায়, তাও আবার একটানা পাওয়া যায় না। যে কারণে জমিতে বিদ্যুৎচালিত পাম্পের সাহায্যে সেচ দেয়া সম্ভব হচ্ছে না। আবার ডিজেলের দাম অত্যধিক বৃদ্ধি পাওয়ায় কৃষকরা জিজেলচালিত পাম্পও চালাতে পারছেন না। ফলে তারা বিদ্যুৎ অথবা বৃষ্টির অপেক্ষায় বসে থাকেন। এভাবেই জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। হোসেনপুরের বিভিন্ন এলাকায় জমি ফেটে গিয়ে ধান নষ্ট হওয়ার আলামত দেখা গেছে। অন্যান্য অনেক এলাকার চিত্রও অনেকটা এরকমই। কিশোরগঞ্জের একটি বিশাল অংশ হাওরাঞ্চল হওয়ায় জেলার প্রায় ৫০ ভাগ এলাকায় আমন ধানের আবাদ করা যায় না। ফলে বাকি ৫০ ভাগ এলাকায় আমন ধান সুষ্ঠুভাবে আবাদ করা না গেলে তা জেলার খাদ্য ঘাটতির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। সরকার সেচের কথা চিন্তা করে গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোরবেলা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দিয়েছে। এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত হলেও সব জায়াগায় বিদ্যুৎচালিত পাম্প নেই, ডিজেলচালিত পাম্প। ফলে যেসব পাম্প ডিজেলে চলে, সেগুলিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে থাকবেন বলে কৃষকরা মনে করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার জানান, এবার জেলায় আমন আবাদের টার্গেট রয়েছে ৮২ হাজার হেক্টর জমি। ২২ আগস্ট সোমবার পর্যন্ত রোপন করা হয়েছে ৪৭ হাজার ৬১৫ হেক্টর। তিনিও এবার সেচ এবং বৃষ্টির অভাবে আমন ধানের নাজুক অবস্থার কথা স্বীকার করে বলেন, আবহাওয়া বিভাগও বলেছে, গত ৪০ বছরের মধ্যে এবার সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। আবার ডিজেলের মূল্যবৃদ্ধিতেও সেচে বিরূপ প্রভাব পড়েছে বলে তিনি স্বীকার করেছেন। তিনি আরও বলেন, এখনও আমন জমি রোপনের মৌসুম অব্যাহত আছে। কিন্তু জমিতে পানি না থাকলে চারা রোপন করা যাবে না। সেক্ষেত্রে বীজতলার চারার বয়স বেশি হয়ে গেলে সেগুলি জমিতে রোপন করলে ফলন ভাল হবে না। তবে সোমবার রাতে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। এতে কিছুটা উপকার হবে বলে তিনি মনে করছেন। আর সরকার মধ্যরাত থেকে ভোরবেলা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের যে ঘোষণা দিয়েছে, তাতে বিদ্যুৎচালিত পাম্পগুলোতে কিছুটা উপকার পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *