কিশোরগঞ্জের হাওরের পানিতে ডুবে পর্যটকদের মর্মান্তিক মৃত্যু ঠেকাতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। হাওরের ঝুঁকিপূর্ণ স্পটগুলোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। কিশোরগঞ্জের ভূ-প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি বিস্তীর্ণ হাওরাঞ্চল এখন দেশের পর্যটকদের দুর্নিবার আকর্ষণে টেনে নিচ্ছে। প্রতি বছর বর্ষাকালে অন্তত চার মাস প্রতিদিন হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী আর করিমগঞ্জের টলটলে জলরাশির বুকে। এসময় হাওরাঞ্চলের নৌযানের মালিক এবং হোটেল মালিকদেরও ভাল আয়রোজগার হয়ে থাকে।
কিন্তু অন্যান্য জেলা থেকে আসা অধিকাংশ পর্যটক হাওরে বেড়াতে আসেন সমুদ্র সৈকতের অভিজ্ঞতা নিয়ে। অথচ দুই বিস্তীর্ণ জলরাশির তলদেশের বৈশিষ্ট সম্পূর্ণ ভিন্ন। সমুদ্র সৈকতের বহুদূর পর্যন্ত এতটাই মৃদু ঢাল, অনেকটা সমতলের মতই। সেখানকার পানিতে নেমে শিশু থেকে বৃদ্ধ সবাই আনন্দ করেন, উল্লাস করেন। কিন্তু হাওরের সর্বত্রই গভীর খাদ, ডোবা, নদী আর খাল। ভরা বর্ষায় যখন পুরো হাওরাঞ্চল সাগরের মত দিগন্তহীন জলরাশিতে থৈ থৈ করে, তখন হাওরে জালের মত ছড়িয়ে থাকা ২৬টি নদী বা খালগুলোর আলাদা কোন অস্তিত্ব বোঝার উপায় থাকে না, সবই থাকে অথৈ জলরাশিতে নিমজ্জিত। বাইরের বিভিন্ন জেলা থেকে আসা অধিকাংশ পর্যটক সাঁতার জানেন না। তারা সমুদ্র সৈকতের মত বিরল অভিজ্ঞতা সঞ্চয়ের টানে হাওরের যত্রতত্র গোসল করতে নেমে পড়েন। আর তখনই ঘটে জীবনের চরম দর্ঘটনা। পানিতে ডুবে প্রাণহানির মত মর্মন্তুদ ঘটনার শিকার হন তারা। আবার হাওরের অনেক এলাকায় পানির তলদেশে এমন চোরাই তীব্র ¯্রােতধারা থাকে, যেটা হয়ত জলরাশির উপরিভাগ দেখে বোঝার উপায় থাকে না। এসব জায়গায় নামতে গিয়ে সাঁতার জানা মানুষেরাও ¯্রােতের টানে পানির ঘুর্ণিতে হারিয়ে যাচ্ছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে।
ফলে হাওরের বৈশিষ্ট ও করণীয় নিয়ে গত ২৪ জুলাই স্থানীয় দৈনিক পূর্বকন্ঠের প্রথম পাতায় ‘সমুদ্র সৈকত ভেবেই শিকার হচ্ছেন দুর্ঘটনার, কিশোরগঞ্জের হাওরে প্রায়ই প্রাণ যচ্ছে পর্যটকদের’ শিরোনামে এবং একই দিন দৈনিক সংবাদের ৭ম পৃষ্ঠায় ‘সমুদ্র-হাওরের বৈশিষ্ট না জানায়, ডুবে প্রাণহানি বাড়ছে পর্যটকদের’ শিরোনামে দু’টি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আবার দৈনিক সংবাদে ২৭ জুলাই এ নিয়ে একটি সম্পাদকীয়ও করা হয়েছিল। সেখানেও এ বিষয়ে করণীয় নিয়ে নানা পরামর্শমূলক আলোচনা করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে, কিশোরগঞ্জের জেলা প্রশাসকের ফেসবুক পেজে পর্যটকদের করণীয় বিষয় নিয়ে ১০টি সতর্কতামূলক নির্দেশনা দিয়ে বিলবোর্ডের আদলে একটি পোস্ট দেয়া হয়েছে। আবার হাওর অধ্যুষিত বিভিন্ন উপজেলার প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
জেলা প্রশাসনের ফেসবুক পোস্টে সাঁতার না জেনে পানির গভীরতা না জেনে যত্রতত্র পানিতে না নামতে বলা হয়েছে। লাইফ জ্যাকেট ও লাইফ বয়া ব্যবহর করতে বলা হয়েছে। নৌযানে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিতে বলা হয়েছে। চলন্ত নৌযানের কিনারায় বা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও হাওরকে দূষণমুক্ত রাখা এবং প্রয়োজনে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু জানিয়েছেন, তিনি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় এ বিষয়ে পর্যটকদের জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করছেন। বিভিন্ন নৌযানে স্টিকার ও লিফলেট সাঁটানো হচ্ছে। সতর্কতামূলক বার্তা দিয়ে একটি বিলবোর্ডও তৈরি হয়েছে। এটি আগামীকাল শুক্রবার হাওরপাড়ের বালিখলা খেয়া বন্দরে স্থাপন করবেন। এছাড়া সেখানে কিছু গাছের চারা রোপন করবেন এবং ডাস্টবিনও স্থাপন করবেন বলে তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন।