ঈদুল আজহার আর মাত্র মাঝে দু’টি দিন বাকি। কিশোরগঞ্জ জেলার ছোটবড় সকল ঈদগায় জামাত অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। এর মধ্যে দেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগায় সুষ্ঠুভাবে জামাত আয়োজনের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা নিয়েও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বিশেষ করে ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া মাঠের অদূরে ভয়াবহ জঙ্গি হামলা বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এ মাঠে সবসময়ই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হতো। কিন্তু সেই নারকীয় জঙ্গি হামলার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণে জোরদার করা হয়।
আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। শোলাকিয়া ঈদগায় জামাত শুরু হবে সকাল ৯টায়। ফলে আজ ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও ঈদগা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম ও সহ-সভাপতি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) শোলাকিয়া ঈদগার সামগ্রিক প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেন। এসময় তারা নিরাপত্তা ব্যবস্থা, নামাজ আদায়ের ক্ষেত্রে মাঠের প্রস্তুতি ও সাউন্ড সিস্টেমসহ সামগ্রিক বিষয়ে খোঁজ নেন। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের ঈদুল আজহার জামাতের সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে সাংবাদিকদের জানান। এসময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, মো. নূরে আলম ও অনির্বাণ চৌধুরী এবং ঈদগা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ঈদগা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।