কিশোরগঞ্জে টিআইবি ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহিতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে অংশগ্রহণমূলক কার্যক্রম প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা হয়েছে। আজ ৫ জুলাই মঙ্গলবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিআইবির ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই, মো. মাহান উল হক নোবেলের মূল প্রবন্ধ উপস্থাপনের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইন এন্ড অপারেশনস) মো. নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. মোস্তাক সরকার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. খাইরুল আমিন, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলা, সনাক কর্মকর্তা অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ। মূল প্রবন্ধে জানানো হয়, এসডিজি’র সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে দুর্নীতি বিরোধী কার্যক্রম প্রকল্প চলতি সনের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের জন্য টিআইবি এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন নিয়েছে।
প্রধান অতিথি বলেন, প্রকল্পে নির্ধারিত খাতের বাইরে আরও জনসম্পৃক্ত দপ্তরগুলোকে কার্যক্রমের আওতায় নিয়ে নাগরিক সেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা এবং জবাবদিহিতার সহায়ক পরিবেশ নিশ্চিতের পরামর্শ প্রদান করেন। প্রকল্পের ০৫ বছরের কর্মকালে টিআইবি’র বাস্তবভিত্তিক তথ্য উপাত্ত সরকারের জন্য সহায়ক হবে এবং কার্যক্রম বাস্তবায়নে তিনি সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজ, বেসরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সনাক ও টিআইবির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও কর্মী উপস্থিত ছিলেন।
ক্যাপশন : বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ