কিশোরগঞ্জে জেলা দুদক কার্যালয় উদ্বোধন হয়েছে। আজ ৩ জুলাই রোববার সকালে জেলা শহরের নগুয়া বটতলা মোড়ে প্রধান অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন এ কার্যালয় উদ্বোধন করেন। এসময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করার পাশাপাশি বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, অনেকেই বিভিন্নজনের বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ পাঠান। অভিযোগ পেলেই দুদক কাজ শুরু করে দেয় না। অভিযোগটি সত্য হলে এবং দুদকের তফসিলভুক্ত হলে তবেই তদন্ত শুরু হয়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছেন, বক্তৃতা করেছেন। এসব বক্তব্য নিয়ে দুদক ‘আমাদের খোকা, আমাদের জাতির পিতা’ নাম দিয়ে একটি বই বের করেছে। এর ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিানা। বইটি অচিরেই দুদকের ওয়েবসাইটেও দেয়া হবে। সচিব বলেছেন, বঙ্গবন্ধু কেবল স্বাধীনতা দেননি, তিনি সংবিধানে উল্লেখ করেছেন যে, কেউ অবৈধ আয়ের ওপর নির্ভর করে চলতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তাবায়নের চেষ্টা করছেন। এই উন্নয়ন অব্যাহত রাখার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জাতীয় শুদ্ধাচার কৌশল ঘোষণা করা হয়েছে। শুদ্ধাচার নিশ্চিত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব।

বক্তব্য রাখছেন দুর্নীতি দমন কমিশন সচিব মো. মাহবুব হোসেন -পূর্বকণ্ঠ
অনুষ্ঠানে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক একেএম ফজলুল হকের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ছাড়াও বক্তব্য রাখেন দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খালেদা ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, এক সময় প্রত্যেক জেলায় দুর্নীতি দমন ব্যুরোর অফিস ছিল। ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন হবার পর সেগুলি বন্ধ করে কেবল ১৯টি জেলায় দুদক অফিস চালু করা হয়। বর্তমানে ২৪টি জেলায় দুদক অফিস রয়েছে। কিশোরগঞ্জসহ আরও ১২টি জেলায় দুদক কার্যালয় হচ্ছে। দুদক চলে নির্দিষ্ট আইনের আওতায়। এটি একটি স্বাধীন সংস্থা। আগে হয়ত দু’একটি প্রতিষ্ঠানকে আলাদা করে খুব দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান মনে করা হতো। আসলে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠন নয়, সব প্রতিষ্ঠানেই অনিয়ম আছে। তবে কোন কোন অনিয়ম ইচ্ছাকৃত হয়, আবার কোন কোন অনিয়ম অনিচ্ছাকৃতভাবে হয়। যেসব অনিয়ম দুদকের তফসিলের আওতায় পড়ে, দুদক কেবল সেগুলিতেই কাজ করে। এছাড়া সংশ্লিষ্ট বিভাগও এসব বিষয়ে কাজ করে। তিনি কিশোরগঞ্জের নরসুন্দা নদী সংস্কার ও উন্নয়নে আলোচিত দুর্নীতির বিষয়ে বলেন, এগুলি দুদকের আওতায় পড়ে কি না, সেটা জেলা কার্যালয় হয়েছে, তারা দেখবেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগও ভূমিকা নিতে পারে। তিনি বলেন, অনেকে অনেকের বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ পাঠান। আবার দুদকের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অনেকে কোন কোন ব্যক্তির কাছে ভুয়া নোটিশ পাঠায় যোগাযোগ করার জন্য। আসলে কেউ অভিযোগ করলেই দুদক কাউকে ডেকে পাঠায় না বা তদন্ত শুরু করে দেয় না। আমলযোগ্য হলে তবেই দুদক ভূমিকা নেয়। কাজেই অহেতুক অভিযোগের বিষয়ে তটস্থ না থাকার জন্য তিনি সবাইকে আশ্বস্ত করেছেন। তবে বিভিন্ন বিভাগে আগের তুলনায় এখন অনিয়ম অনেক কমেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি কোন দুর্নীতির তথ্য পেলে দুদকের ‘১০৬’ হট নম্বরে ফোন করার জন্যও সবাইকে পরামর্শ দিয়েছেন।
স্বাগত বক্তব্যে দুদক পরিচালক একেএম ফজলুল হক বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু কঠোর অবস্থান নিয়েছিলেন। আজকে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, এই উন্নয়নের ধারা ধরে রাখা দুদকের পক্ষে একা সম্ভব নয়। সবাইকে এর জন্য কাজ করতে হবে। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেছেন, কেবল ঘুষই দুর্নীতি নয়। নানা অনিয়ম দুর্নীতির আওতায় পড়ে। সবাই মিলে দুর্নীতি রুখতে হবে। কেবল আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। সবাই যার যার অবস্থান থেকে সৎ হলে আইন প্রয়োগের প্রয়োজন হবে না। দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক সালাহ উদ্দিন বলেছেন, প্রথমে কেউ আমাদের কাছে অভিযোগ করলে সেগুলি যাচাই করি। আমলযোগ্য হলে তারপর এফআইআর করি।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, আমার কার্যালয়ে দুর্নীতির কোন সুযোগ নেই। এখানে জিরো টলারেন্স অনুসরন করা হচ্ছে। তবে এলএ শাখায় কয়েক বছর আগে একটি বড় ধরনের দুর্নীতি হয়েছিল। এ ব্যাপারে দুদক মামলা করেছে। কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এখন এলএ শাখাকে সিসি ক্যামেরার আওতায় সার্বক্ষণি মনিটরিং করা হয়। তবে ভূমি সেবার ক্ষেত্রে কিছু অনিয়মের কথা শোনা যায়। এগুলিও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দু রহমান সাহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।