কিশোরগঞ্জ পৌরসভা ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭ কোটি টাকা ৭১ পয়সার বাজেট ঘোষণা করেছে। তাতে ব্যয় দেখানো হয়েছে ৯২ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৩৫ টাকা ৪৫ পয়সা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৬ লাখ ৯৯ হাজার ৫৯২ টাকা ২৬ পয়সা। পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ আজ ২৯ জুন বুধবার সকাল ১১টায় পৌর ভবনের সভাকক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন। এসময় পৌর কাউন্সিলরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এবারের বাজেটে সর্বাধিক ৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৬ লাখ টাকা আয় দেখানো হয়েছে গৃহ ও ভূমির ওপর কর থেকে। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ টাকা আয় দেখানো হয়েছে পৌর মার্কেটের দোকান ভাড়া থেকে। চতুর্থ সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ টাকা আয় দেখানো হয়েছে পৌর মার্কেটের দোকানের সেলামী থেকে। আর পঞ্চম সর্বোচ্চ ১ কোটি টাকা আয় দেখানো হয়েছে পেশা, ব্যবসা ও ট্রেড লাইসেন্স খাত থেকে।
মোট সাধারণ সংস্থাপন ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে প্রধান প্রধান খাতগুলো হচ্ছে পানি শাখা ব্যতীত কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ৪ কোটি ৯০ লাখ টাকা। বিদ্যুৎ বিল বাবদ ২ কোটি ২০ লাখ টাকা। জীপগাড়ি ও গার্বেজ ট্রাক ক্রয় বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া মোট বর্জ্য সংগ্রহ ও অপসারণ বাবদ ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯২ লাখ টাকা। মোট নর্দমা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। এছাড়াও পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন, অসুস্থ মুক্তিযোদ্ধাদের অনুদান, বিভিন্ন ব্যক্তিবর্গকে অনুদান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাবে অনুদান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের অনুদান এবং বিভিন্ন দিবস উদযাপনের জন্যও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। মশক নিধন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১০ লাখ টাকা।