কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হবার পর এক পরিবারের চার শিক্ষক-কর্মচারীর দাপটে নির্বাচন ছাড়াই এক ব্যক্তিকে সভাপতি বানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে মাদ্রাসার অভিভাবকদের পক্ষ থেকে নির্বাচন দাবি করে লিখিত আবেদন করা হয়েছে।
মাদ্রাসার অভিভাবক মো. আল আমিন, মো. হাবিবুর রহমান, রুহুল আমিন ও আওয়ালের স্বাক্ষরে গত ২০ জুন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লেখা আবেদন ও তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন সভাপতি আব্দুস সালামের এক ছেলে লুৎফর রহমান ওই মাদ্রাসার শিক্ষক, অপর ছেলে আব্দুর রহমান কেরানি। আর ভাতিজা কবীর হোসেন ও নাতি জাহাঙ্গীর মাদ্রাসার প্রহরী। ফলে পরস্পর যোগসাজশে আব্দুস সালামকে বিনা নির্বাচনে সম্প্রতি সভাপতি করা হয়েছে। অভিভাবকগণ নির্বাচনের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একই দাবিতে তারা মঙ্গলবার (২৮ জুন) জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খানকে প্রশ্ন করলে বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে নির্দেশনা আসার পর সেই মোতাবেক তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে মাদ্রাসার প্রাক্তন সভাপতি বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিলন জানান, নতুন সভাপতি করার বিষয়ে তাকে জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি। এ ব্যাপারে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈর হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।