কিশোরগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ১৪ জুন মঙ্গলবার জেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা শহরের পিটিআই মিলনায়তনে। জেলার ১৩ উপজেলার কোমলমতি শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিলেও সেখানে বিচারক প্যানেলে সদর উপজেলার জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলী এবং বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম বিউটিকেও রাখা হয়েছিল। এর ফলে প্রতিযোগিতায় ভাল না করলেও সিংহভাগ পুরস্কারই সদরের স্কুলগুলো জিতে নিয়েছে বলে অন্যান্য উপজেলার অভিভাবকরা অভিযোগ করেছেন।
তারা জানান, শিক্ষা অধিদপ্তর থেকে ‘বীরপুরুষ’ কবিতাটি আবৃত্তির জন্য নির্ধারণ করা হয়েছিল। বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু প্রতিযোগিতা তদারকির দায়িত্বে থাকা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব জামানের যোগসাজশে প্রতিযোগিতার আগ মুহূর্তে সদরের শিক্ষকদের চাহিদা মাফিক বীরপুরুষ বাতিল করে ‘মা’ কবিতাটি আবৃত্তি করানো হয়। যথারীতি প্রথম পুরস্কার সদরেই গেছে। এটা পূর্বপরিকল্পিত ছিল বলে অভিযোগ উঠেছে। সদরের একজন নাচের প্রতিযোগী নাচতে গিয়ে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকেই প্রথম বানানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া গানের প্রতিযোগিতায় সদরের প্রতিযোগীদের পুরো গান শোনা হলেও বাইরের উপজেলার প্রতিযোগীরা ভাল গাইলেও তাদেরকে কেবল প্রথম অন্তরাটি শুনেই থামিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে লোকসঙ্গীতের এক প্রতিযোগী নিজে হারমোনিয়াম বাজাতে পারেনি। অথচ তাকে প্রথম বানানো হয়েছে। সদরের বাইরের একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রশ্ন করলে তিনিও এ প্রতিনিধির কাছে কবিতাসহ বিভিন্ন ইভেন্টে এই অনিয়মের কথা স্বীকার করেছেন।
প্রতিযোগিতা চলাকালেই সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব জামানের কাছে কোন কোন অভিভাবক এসব বিষয়ে অভিযোগ দিলেও তিনি এ ব্যাপারে কর্ণপাতই করেননি বলে জানা গেছে। মাহাবুব জামানকে এ ব্যাপারে প্রশ্ন করলে তার কাছে কেউ কোন অভিযোগ করেননি বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিককে এসব বিষয়ে প্রশ্ন করলে জানান, তিনি প্রতিযোগিতার সময় একটি নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষার বোর্ডে ছিলেন। যে কারণে এসব বিষয়ে তার কিছু জানা নেই। তবে সদরের শিক্ষকদের বিচারক না দিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদেরও দেয়া যেত বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন। অভিভাবকরা জানান, কোমলমতি শিশুরা এভাবে অনিয়ম আর দুর্নীতির শিকার হলে তাদের মনের ওপর গভীর নেতিবাচক প্রভাব পড়বে। আগামীতে অনেকেই তাদের শিশুদের এ ধরনের প্রতিযোগিতায় আর পাঠাবেন না বলে জানিয়েছেন। আর এবারের প্রতিযোগতার ফলাফল সম্পূর্ণ বাতিল করে নতুন করে প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন।