কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে ছাত্রলীগ নেতা হাবিব উল্লাহ হাবিব (২৮) নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। তিনি সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এবং মারিয়া গ্রামের হাজী ইদ্রিছ আলীর ছেলে। কয়েক বন্ধুকে নিয়ে হাবিব গতকাল ১৪ জুন মঙ্গলবার সকালে হাওর উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় বেড়াতে যান। সন্ধ্যায় ভাড়া করা ইঞ্জিনচালিত নৌকা তাদের নিয়ে করিমগঞ্জের বালিখলা ঘাটে ফিরে আসলে হাবিবকে নৌকায় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নৌপথে আসার সময় হাওরের কোথাও তিনি নৌকা থেকে পড়ে নিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই হাওরে গিয়ে অনুসন্ধান শুরু করে। কিন্তু হাবিব হাওরের ঠিক কোন এলাকায় পানিতে পড়ে গিয়েছেন, তা নিশ্চিত না হওয়ায় এবং হাওরের ধনু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় হাবিবের সন্ধান করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি। আজ ১৫ জুন বুধবার বিকাল পৌনে ৬টা পর্যন্ত চেষ্টা করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে আবুজর গিফারি এ প্রতিনিধিকে জানিয়েছেন।