ভৈরবে করোনাকালীন সময়ে বেকার যুবকদের আত্নকর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৩ জুন সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
ভৈরব উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা) এর সহায়তায় আউটসোর্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১৩ থেকে ২৬ জুন ১২ দিন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে চলবে এ আউটসোর্সিং প্রশিক্ষণের কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, প্রশিক্ষণ নেবেন আপনি সহায়তা করবে সরকার। বেকার যুবকদের আত্মকর্মী হওয়ার জন্য এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আল-মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম। এছাড়া স্থানীয় সরকার বিভাগ ইউজিডিপি ইউডিএফ দূর্গা রাণী সাহা ও আউটসোর্সিং এর প্রশিক্ষক শুভ আহমেদ উপস্থিত ছিলেন।
১৩ থেকে ২৬ জুন ১২ দিনের এ আউটসোর্সিং প্রশিক্ষণে ২০ জন শিক্ষিত ছেলে মেয়ে অংশগ্রহণ করেন। এর আগে তরুণ-তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহ্বান করে। পরে তাদেরকে বাছাই করে প্রশিক্ষণের জন্য ২০ জনকে মনোনীত করা হয়।
প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদেরকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ প্রদান করা হবে।