ভারতের এক টেলিভিশন টকশোতে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) কে ক্ষমতাসীন বিজিপি’র মুখ্যপাত্র নূপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্য ও অবমাননার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে তাহেরীয়া সুন্নী যুব সংগঠন। ৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাওয়াতে ঈমানী বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
সংগঠনের সভাপতি মো. হৃদয় আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আল মামুন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার যুগ্ম-আহ্বায়ক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার সভাপতি মাওলানা খন্দকার দীন ইসলাম, আশুগঞ্জ তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের সভাপতি মো. শাহীন আলম, কুলিয়ারচর তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের সভাপতি মো. বাছির মিয়া, ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম সাহেল, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন আল কাদরী, যুবসেনা ভৈরব উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আবু হানিফ বাদল, সুন্নী নেতা দেলোওয়ার হোসেন সুজন, আব্দুল কাদির জিলানী সংগঠনের সহ-সভাপতি মো. সানি চিশতী ও রিয়াদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ঘটনায় নিন্দা প্রস্তাবের মাধ্যমে দেশের মুসলামানদের শান্তনা দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও নবীজিকে নিয়ে কুটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতীয় সকল পণ্য বর্জন করতে ধর্মপ্রাণ সকল মুসলমানদের প্রতি আহ্বান জানান।