ছাত্র দলের মিছিল থেকে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ ৪ জুন শনিবার বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণও যোগ দেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে জিয়ার হাত ছিল বলেই আজ ছাত্রদলের মিছিল থেকেও সেদিনের ঘটনার পুনরাবৃত্তির আভাস পাওয়া যায়। তারা বলেন, আজকে এমন কোন শক্তি নেই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের ওপর হামলা চালায়। যারা আজ নতুন করে হত্যার চক্রান্তে লিপ্ত হয়েছে, দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। আগামীতে তাদের এ ধরনের ধৃষ্টতার উপযুক্ত জবাব দেয়া হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন।