প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ভৈরব উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ৪ জুন শনিবার বিকেল ৩টার দিকে ভৈরব পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে ভৈরব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউনিয়নগুলির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে জড়ো হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. অহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল, তালাওয়াত হোসেন বাবলা, মো. রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সহ-সভাপতি মো. সেলিম খান, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক রিয়াদ মিয়া, পৌর ছাত্রলীগ সভাপতি সালিম রহমান মিকদাদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামালসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এই অপচেষ্টা কখনই সফল হতে দেওয়া হবে না। আমরা আমাদের নেতা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সঙ্গে থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত বাধা বিপত্তি আসুক রাজপথে থেকে তার মোকাবেলা করে যাব।
এ সময় বক্তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করে যাব। সাহস থাকলে রাজপথে আমাদের সাথে মোকাবেলা করুন। ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারলে করুন, তখন কি হয় দেখা যাবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগ রাজপথের সৈনিক। দুর্দিনেও আওয়ামী লীগের কোন নেতাকর্মী পথচ্যুত হয়নি। কোন ক্যান্টনমেন্টের ভেতর থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। যাদের জন্ম ক্যান্টনমেন্টে তারাই ১৫ আগস্টের ভয় দেখায়। এখন আর ’৭৫ এর ১৫ আগস্ট নেই। সাহস থাকলে মাঠে নেমে দেখান।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। এরই প্রেক্ষিতে শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ।