: মোস্তাফিজ আমিন : তিন দশকে ভৈরবের ৫৭টি খাল-বিল নালার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। শ্রেণি পরিবর্তিত হয়ে শত শত একর ভূমি চলে গেছে ভূমিদস্যুদের দখলে। ফলে মৎস্য সম্পদসহ জীব-বৈচিত্র পড়েছে হুমকিতে। ভরাট করা ভূমিতে অপরিকল্পিত নগরায়ণের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি। পয়ঃনিষ্কাশনসহ বর্জব্যবস্থাপনা পড়েছে হুমকির মুখে।
এইসব দখলকৃত ভূমি বা খাল-বিল, নদী-নালা উদ্ধারে দৃশ্য সরকারি কোনো উদ্যোগ নেই। উল্টো ভূমিদস্যুদের উদারনীতিতে সহযোগিতা করে গেছে স্থানীয় ভূমি অফিস, অভিযোগ স্থানীয় লোকজনের। অপরিকল্পিতভাবে নদী-নালা, খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় আগামীর ভৈরব রূপান্তরিত হবে একটি অবাসযোগ্য নগরীতে, আশংকা এখানকার অধিবাসিদের।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাযায়, পুরাতন ব্রহ্মপুত্র নদ, মেঘনা ও কালীনদীর বুক থেকে জেগে ওঠা ভূ-খণ্ডটির নাম ভৈরব। নদীপথে কলকাতা কেন্দ্রিক বাণিজ্যের সুবাধে বৃটিশ বেনিয়াগোষ্ঠীর শাসনামলে ভৈরব খ্যাতি অর্জন করে। ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তীতে বৃটিশদের তৈরি ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং মেঘনা নদীর উপর তৈরি বৃহত্তম রেলসেতুর জন্য ভৈরবকে আলাদা পরিচিতি এনে দেয়।
কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ নিয়ে গঠিত দেশের বিশাল হাওরাঞ্চলের প্রবেশমুখ খ্যাত এই নদীবন্দরটি এক সময় অসংখ্য খাল-বিল, নালায় পরিবেষ্টিত ছিলো।
কিন্তু হালআমলে সেই অবস্থাটি আর নেই। স্বাধীনতা পরবর্তী সময়ে, বিশেষ করে ১৯৮৫ সালে হয়ে যাওয়া সর্বশেষ ভূমি জরিপের পর এখানকার প্রায় ৫৭টি খাল, বিল, নালার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এক শ্রেণির ভূমিদস্যু ওই জরিপের সময় এইসব খাল-বিল, নালা ও নীচুভূমিকে নিজেদের নামে রেকর্ডভূক্ত করিয়ে নেয় নীচুভূমি ও কৃষি জমি হিসেবে।
পরবর্তীতে শ্রেণি পরিবর্তন করে সেগুলি বিক্রি করে দেয় বিভিন্নজনের কাছে। এখন সেইসব জমি বহু হাত বদল হয়ে নগরায়ণে রূপ নিয়েছে। সরকারি এইসব ভূমি হরিলুটকে সুচারুরূপে সম্পন্ন করতে ভূমিদস্যুদের সহায়তা করেছেন ভূমি অফিসেরই এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী, অভিযোগ স্থানীয় লোকজনের।
আইন ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে এবং নিয়মনীতির তোয়াক্কা না করে ভূমিদস্যুদের অবৈধভাবে দখল করা এইসব খাল-বিল, নদী-নালার ভূমি সরকারি জিম্মায় ফিরিয়ে এনে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ভৈরবকে বাসযোগ্য নগরে রূপায়ণে সরকারের উচ্চমহলের সৃদৃষ্টি কামনা করেছেন সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম রিপন, ব্যবসায়ী মোবারক হোসেন, সমাজকর্মী মাসুদ রানা আকন্দ ও সংবাদকর্মী মো. বিল্লাল হোসেন মোল্লা।

এদিকে উপজেলা মৎস্য বিভাগ জানায়, স্থানীয় মনামরা খাল, বাগানবাড়ির মেঘনার খাড়ি, গাছতলাঘাটের খাল, চণ্ডিেেবর দক্ষিণপাড়ার খাল, কালীপুর ও চণ্ডিবেরের মাঝখানের সূতিরবিল, পলতাকান্দার খাল, শম্ভুপুরের আলুকান্দার খাল, কমলপুরের সাতমুখীর বিল, বাল্লাবিল, আমলারপাড়া খাল, তাতারকান্দির খাল, রানীর বাজারের রানীর পুকুর, কাঠপট্টির মেঘনার খাড়ি, পঞ্চবটির পূর্ব ও পশ্চিমের কানাইখাল, নিউ টাউন, নাটালের পেছনের বিল, আনোয়ারা জেনারেল হাসপাতালের পেছনের ডোবা, রসূলপুরের নবুরবাড়ির খাল, সাদেকপুরের নাপিতবাড়ির খাল ইতোমধ্যে ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক মাছের উৎপাদন বহুলাংশে কমে গেছে।
বর্তমানে রামশংকরপুরের বাদশাবিলের কিছু অংশসহ আগানগর, গজারিয়া ও শিমুলকান্দি ইউনিয়নের ১০টি বিলের মাত্র ৭৫ দশমিক ৬৩ একর ভূমি সমবায় ভিত্তিক বন্দোবস্তো নিয়ে মাছ শিকার করছেন জেলেরা। যা এলাকার মাছের চাহিদা পূরণ এবং জেলে সম্প্রদায়ের জীবন-যাপনে খুবই অপ্রতুল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান এ প্রসঙ্গে বলেন, মনুষ্য এবং প্রাকৃতিক সৃষ্ট কারণে এলাকার খাল-বিল, নালা ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক মৎস্য সম্পদসহ এখানকার জৈববিচিত্র হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েক প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, অবৈধ দখলে চলে যাওয়া খাল-বিল উদ্ধার করা গেলে মাছের অবাধ বিচরণ সম্ভব হবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানাযায়, ১৯৮৪-৮৫ সালের দিকে ভৈরব পৌর শহরে চার একর সমতলভূমি ব্যক্তিমালিকানায় লিজ দেওয়া হয়। তখনকার সময় ১৫ বছর মেয়াদে লিজ দেওয়া হতো। সে সময়ে লিজ নেওয়া ওইসব ভূমি ভূয়া দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বেশ কয়েকবার।
এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এক ভূমি কর্মকর্তা জানান, সাব-রেজিস্ট্রি ও উপজেলা ভূমি অফিস আলাদা থাকায় অসাধু ব্যক্তিরা সহজেই ভূমির ভূয়া দলিল তৈরি করে ক্রয়-বিক্রয় সম্পাদন করে ফেলতে পারেন। ভূমির দলিল সম্পাদনের আগে স্থানীয় ভূমি অফিস থেকে তদন্ত সাপেক্ষে সেটি হলে, এই অপতৎপরতা কমে যেতো।
উপজেলা ভূমি অফিস সূত্র আরও জানায়, উপজেলায় বর্তমানে কৃষি খাস জমির পরিমাণ ৫৮৩ দশমিক ৭৩ একর। বন্দোবস্ত দেওয়া আছে ৩৯১ দশমিক ৫৯ একর। আর অকৃষি জমির পরিমান ২২ দশমিক ৩৩ একর। এরধ্যে বন্দোবস্ত দেওয়া আছে দশমিক শূন্য ৭২ একর। ২০ একরের উপরের আয়তনের বন্দোবস্তের অযোগ্য (নদী তীরবর্তী) খাস জমির পরিমান ২,৭১৭ দশমিক ৪০ একর।
ভৈরবের খাল-বিল, নদী-নালা অবৈধভাবে দখল ও ভরাটের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার খাল-বিল, নদী অবৈধ দখলমুক্ত করার বিষয়ে এখন অনেকটা সোচ্চার। এইজন্য একটি নদীরক্ষা কমিশনও গঠন করেছে। এই নদীরক্ষা কমিশন দখল ও দূষণ নিয়ে বেশ কয়েকটি কর্মশালা করেছে। গত বছর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে এই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ভৈরবের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেন।
সেইপ্রেক্ষিতে নদীরক্ষা কমিশনের একটি টিম ইতোমধ্যে ভৈরবে পরিদর্শন করে দখল ও দূষণের পরিমাণ কি, সেটা দেখে গেছেন। এই কমিশন এতোই শক্তিশালী যে আমাদের নিয়মিত ত্রৈমাসিক রিপোর্ট কমিশনে জমা দিতে হচ্ছে। এই সপ্তাহেই আমাকে একটি রিপোর্ট জমা দিতে হয়েছে। আমি সেই রিপোর্টে জানিয়েছি যে কার্যক্রম চালু আছে।
কার্যক্রমের অংশ হিসেবে আমরা এখানকার নদী-নালার অবৈধ দখলের একটি তালিকা তৈরি করছি। পাশাপাশি আমাদের লীজি যারা আছেন, তারা লীজের শর্তভঙ্গ করছেন কিনা, সেটিও দেখছি। এইভাবে অবৈধ দখলের তালিকা তৈরি করে আমরা উচ্ছেদ নোটিশ সৃজন করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে উচ্ছেদের অনুমতি প্রার্থনা করবো এবং উচ্ছেদ কার্যক্রম চালাবো।
এক প্রশ্নের উত্তরে তিনি এখানে অবৈধ দখল আছে স্বীকার করে বলেন, এটি চলতি পথেই আমার নজরে এসেছে। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপেই আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে এই কার্যক্রম চালাতে একটু সময় লাগবে বলে তিনি জানান।
নদী-নালা, খাল-বিল অবৈধ দখলমুক্ত করে কোটি কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধারসহ প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ একটি বাসযোগ্য নগর গড়ে তোলা হবে, এমনটিই প্রত্যাশা ভৈরববাসীর।