পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভৈরবে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ৩০ এপ্রিল শনিবার বেলা ১২টার দিকে ভৈরব পৌরসভার ২নং ওয়ার্ডে হতদরিদ্র ৪৮৫ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল হতদরিদ্র পরিবারে হাতে তুলে দেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌর শহরের ১২টি ওয়ার্ডে ৫ হাজার ৮২০ জন পরিবারের মাঝে ভিজিএফ এর চাল ও প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সংকট দূর করতে সরকারি ভিজিএফ এর চাল ও মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ভৈরব পৌর শহরের ৫ হাজার ৮২০ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে মানুষ না খেয়ে থাকবে না এমন শ্লোগানকে বাস্তবে রূপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি বিভিন্নভাবে অসহায় ছিন্নমূল মানুষদেরকে খাদ্য, বস্ত্র ও বাসস্থান দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।