কিশোরগঞ্জে ছিনতাই হওয়া মিশুকসহ তিন ছিনতাইকারী চক্রের সদস্যকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, ইদানিং পরিলক্ষিত হচ্ছিল, অটোরিকশা বা ইজিবাইক চালককে হত্যা করে, অজ্ঞান করে, মারপিট করে বা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের অটোরিকশা বা ইজিবাইক ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ২৬ এপ্রিল মঙ্গলবার করিমগঞ্জের জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে আসকর আলী (৫০) র্যাব ক্যাম্পে এসে অভিযোগ করেন, এদিন রাত ১০টা ২০ মিনিটের দিকে নানিয়ারচর তিন রাস্তার মোড়ে দুই যাত্রী এবং ওখানে ওঁৎ পেতে থাকা আরও দুই ব্যক্তি তাকে চাকুর ভয় দেখিয়ে মারপিট করে পাশের জমিতে ফেলে দিয়ে তার মিশুকটি ছিনতাই করে নিয়ে গেছে।
অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে র্যাবের একটি চৌকস দল এদিন গভীর রাতে সদর উপজেলার যশোদল মুসলিমপাড়া থেকে ছিনতাই করা মিশুকসহ ছিনতাই চক্রের তিন সদস্য যশোদল নধার এলাকার নূরুল হকের ছেলে রমজান মোবারক (২৮), বাবুল মিয়ার ছেলে মো. শাকিব (১৯) ও ধনু মিয়ার ছেলে আরাফাত মুন্নাকে (১৬) আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে এরা মিশুক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হচ্ছে।