জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষিতে গ্রীণ ক্লাইমেট ফান্ডের যথাযথ ব্যবহার ও পিকেএসএফ-এর (পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন) পরিবেশ বিষয়ক কার্যক্রম বিষয়ে কিশোরগঞ্জে আলোচনা সভা হয়েছে। পিকেএসএফ-এর উদ্যোগে এবং বেসরকারী সংস্থা পপি’র আয়োজনে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ২৭ এপ্রিল বুধবার সকালে পপি’র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে পপির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমান ও মুখ্য আলোচক পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাছুন নাহার মাছুদা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার হোসেন। জেলা পপি’র সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পপি’র ব্যবস্থাপক মুজিবুর রহমান। পিকেএসএফ’র কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও এর ফলাফল সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ’র মহাব্যবস্থাপক ড. একেএম নূরুজ্জামান।
আলোচকগণ বলেন, কার্বন গ্যাস নিঃসরণের ফলে পৃথিবীতে গ্রীণ হাউজ প্রভাব পড়ছে। সূর্যালোক পৃথিবীকে উত্তপ্ত করছে, কিন্তু এই উত্তাপ বিকীর্ণ হয়ে সৌরমণ্ডলে ফিরে যেতে পারছে না কার্বন গ্যাসের আবরণের কারণে। যে কারণে পৃথিবীর উত্তাপ দিন দিন বাড়ছে। এর ফলে সময়মত বৃষ্টি না হয়ে অসময়ে প্রচুর বৃষ্টিপাত হয়ে আগাম বন্যা ঘটাচ্ছে। যথাসময়ে শীত আসছে না, আবার সময়ের আগেই শীত চলে যাচ্ছে। জলবায়ুর এ ধরনের পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসছে, ফসল উৎপাদনের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের এই কুপ্রভাব সহসাই রোধ করা না গেলেও জনজীবনে এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনার কৌশল উদ্ভাবনে সবাইকে মনযোগী হতে হবে বলে সভায় মত প্রকাশ করা হয়। এছাড়া হাওরাঞ্চলে গ্রাম প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ, পানিসহিষ্ণু বৃক্ষ রোপন, সুপেয় পানির জন্য পর্যাপ্ত নলকূপ স্থাপন, স্বাস্থ্যসম্মত ও টেকসই পায়খানা নির্মাণ ও নতুন নতুন গ্রাম সৃষ্টি করার ওপরও আলোচকগণ আলোকপাত করেন। আলোচকগণ জীবাশ্ম জ্বালানীর ব্যবহার হ্রাসের কৌশল উদ্ভাবনের ওপরও আলোকপাত করেন। এর বিকল্প হিসেবে সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি ও এর কৃৎকৌশলগত উন্নয়নের জন্য কেউ কেউ প্রস্তাব দিয়েছেন। আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষার জন্য ভঙ্গুর মাটির বাঁধের পরিবর্তে সাবমার্জেবল আরসিসি সড়কের মত স্থায়ী আরসিসি ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্যও কেউ কেউ প্রস্তাব করেছেন। এর ফলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা পাবে, আবার বর্ষায় নৌচলাচলেও কোন ব্যাঘাত ঘটাবে না। এর সঙ্গে হাওরাঞ্চলের সকল নদনদী ও খাল খনন, প্রয়োজনে জমি অধিগ্রহণ করে সরু নদী প্রশস্ত করারও প্রস্তাব করা হয়েছে।
সভায় জানানো হয়, বিদেশীরা যখন জলবায়ুর কুপ্রভাব মোকাবেলায় পিকেএসএফ-এর মাধ্যমে তহবিল দেয়, তখন সরেজমিনে যাচাই করে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা করে সন্তুষ্ট হলে তবেই দেয়। আর এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও সকলের দায়িত্ব। জলবায়ুর প্রভাব মোকাবেলায় পিকেএসএফ-এর সঙ্গে পার্টনার হিসেবে পপিসহ কিছু এনজিও কাজ করছে বলে জানিয়েছেন পিকেএসএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে জলবায়ুর কুপ্রভাব মোকাবেলায় কিছু প্রস্তাবনা তুলে ধরেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জহুরা, নারী কল্যাণ সমিতির সভাপতি বিলকিস বেগম, একজন এনজিও কর্মকর্তা মো. মুসা প্রমুখ।