ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণের ফলে মেঘনায় পানি বাড়ার সঙ্গে ভৈরবের কৃষকদের বাড়ছে আতঙ্ক। কেননা উপজেলার জোয়ানশাহী হাওরের একমাত্র ফসলি জমির ধান এখনো পাকার অনেক বাকী। ফলে দুঃশ্চিন্তায় স্থানীয় কৃষকরা। তবে প্রতিবারের মতো এবারো পানি উন্নয়নের বোর্ড (পাউবি) ১২ লাখ টাকা ব্যয়ে একটি ডুবন্ত কাঁচা বাঁধ র্নিমাণের উদ্যোগ নিয়েছে। কিন্তু এ বাঁধ নির্মাণে রয়েছে অনিময়ের অভিযোগ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীনগর, আগানগর ও সাদেকপুর ইউনিয়ন নিয়ে জোয়ানশাহী হাওরটির অবস্থান। এ হাওরে সাধারণত প্রতি একর জমিতে ৬০ থেকে ৭০ মণ ধান উৎপাদন হয়। ফলে কৃষি অর্থনীতিতে হাওরটি অগ্রণী ভূমিকা রাখছে। উপজেলার এই জোয়ানশাহী হাওরের তিন হাজার একর জমিতে বছরে একবার বোরো ধান আবাদ করে স্থানীয় কৃষকরা। ফলে এ অঞ্চলের কৃষকদের স্বপ্নের ফসল এই বোরো ধান। এদিকে মেঘনায় পানি বাড়ার খবর পেয়ে ১৭ এপ্রিল রোববার বিকেলে ডুবন্ত কাঁচা বাঁধ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় বাঁধ নির্মাণে জড়িতদের বাঁধে আরও মাটি ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে বাঁধটি পাহাড়া দেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
স্থানীয় কৃষকরা জানায়, হাওরে ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকরা দেশের কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখলেও তারা রয়েছেন অবহেলিত ও বঞ্চিত। কেননা, হাওরের মাঝে মাত্র ৩০ ফুট প্রস্থের ওরাল খাল নামে একটি খাল রয়েছে। যে খালটি মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। কিন্তু খালটিতে কোনো স্লুইসগেট নেই। এ কারণে উজান থেকে নেমে আসা পানি হাওরে ঢুকে প্রায়ই বছরেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে স্থানীয় কৃষকদের দীর্ঘ দিনের দাবী, হাওরের ফসল রক্ষায় একটি স্লুইসগেট নির্মানের। এবার সেই দাবী পূরণে পানি উন্নয়ন বোর্ড (পাউবি) ২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে একটি স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নিলেও এখন পর্যন্ত শুধুমাত্র মাটি কাটার কাজ শেষ হয়েছে। ফলে কাজের অগ্রগতি না থাকায় হাওরে পানি প্রবেশের আগে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের কৃষক মুর্শিদ মিয়া, আঙ্গুর মিয়া ও মুক্তার মিয়া জানান, অন্যান্য বছরের মতো এবারো মাটি, বাঁশ ও মাটির বস্তা দিয়ে একটি ডুবন্ত বাঁধ নির্মাণে ১২ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এ বাঁধ নির্মাণে রয়েছে অনিময়ের অভিযোগ। কৃষকদের দাবী, প্রতি বছর সরকার ১০ থেকে ১২ লাখ টাকা বাঁধ নির্মাণে বরাদ্ধ দিলেও মাত্র দু-চার লাখ টাকা দিয়ে কোন রকম বাঁধ নির্মাণ করে আসছে একটি মহল। ফলে বাঁধ নির্মাণের নামে বরাদ্ধের টাকা নয়ছয় করে হাতিয়ে নিচ্ছে তারা। এছাড়াও জোয়ানশাহী হাওরের একমাত্র ফসল রক্ষায় দ্রুত স্লুইসগেট নির্মাণ কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধে প্রয়োজনী ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, আসলে জোয়ানশাহী হাওর রক্ষায় যে ডুবন্ত কাচাঁ বাঁধ নির্মাণ করা হয়। সেটি ৩টি ধাপে করা হয়ে থাকে। তাছাড়া মেঘনায় পানি বাড়ার খবর পেয়ে তিনি রোববার বিকেলে ডুবন্ত কাঁচা বাঁধ পরিদর্শনে গিয়ে ছিলেন। এসময় বাঁধ নির্মাণে জড়িতদের বাঁধে আরও মাটি ফেলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাঁধটি পাহাড়া দেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। এছাড়াও বাঁধ নির্মাণে অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।