কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার শালংকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আকরাম হোসেন (২১) ও আব্দুল হক মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০) ও পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামের নয়ন মিয়ার ছেলে আবু সালেক তপু (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি বড় রাম দা, একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।