শপথ নিতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ভৈরবের সাদেকপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ ৩৩ দিন কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়েছেন।
আজ ২১ মার্চ সোমবার বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ ভন্দ্র পরিচালিত আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন ।
গত ১৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান ছিল। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হবার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম ইন্সপেক্টর শফিকুল ইসলাম নেতৃত্বে সাদেকপুর ইউপি চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। ৩৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন তিনি।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা মানিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ইউপি চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিলো। আজ বিকেলে কিশোরগঞ্জ জেলা আদালত তাকে জামিন দিয়েছেন।