ভৈরব-আশুগঞ্জ ব্রিজে অভিনব পদ্ধতিতে ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ১৯ মার্চ রোববার সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এই সময় আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত চারটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ৫নং ওয়ার্ড এলাকার মো. মিলন মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার আবুল মিয়ার ছেলে মো. জনি মিয়া, আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর ৪নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. বিজয় (১৯), নরসিংদী জেলার রায়পুরা থানার (বর্তমান চরচারতলা) মৃত ইদ্রীছ মিয়ার ছেলে মো. শিবলী মাহমুদ (২৯)।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তারা দীর্ঘদিন যাবত মো. সাগর মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ এলাকা দিয়ে ব্রিজে ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ওৎপেতে থাকত। পরবর্তী সময়ে ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতে থাকেন তখনই আগে থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা আকস্মিকভাবে থাবা বসিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যেত। কখনো কখনো ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাতও করত। ছিনতাইকৃত মোবাইলগুলো মেকানিক মো. শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত মোবাইল এবং আটককৃতদের গ্রেফতার দেখিয়ে পেনাল কোড-১৮৬০ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব।