সরকারের ভর্তুকি মূল্যে কিশোরগঞ্জের ১৩ উপজেলা ও ৮ পৌরসভার ২ লাখ ৮২ হাজার ৫৭০টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। আজ ২০ মার্চ রোববার সকালে কিশোরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের লিটল ফ্রেন্ডস কিন্ডারগার্টেন স্কুল চত্বরে পণ্য বিতরণ উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এর আগে জেলা প্রশাসক ও পৌর মেয়র মাহমুদ পারভেজ বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকারের এই কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এসময় বলা হয়, দু’দফায় টিসিবির পণ্য দেয়া হবে। প্রথম ধাপে ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক পরিবারকে ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল, আর ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি দেয়া হবে। এরপর রমজান উপলক্ষে ৩ থেকে ২০ এপ্রিল দ্বিতীয় ধাপে একই দামে ওই তিনটি পণ্যের সঙ্গে দেয়া হবে দুই কেজি করে ছোলা। জেলায় টিসিবির ডিলার রয়েছেন ৮৫ জন। কিশোরগঞ্জ পৌর এলাকায় ৮ হাজার ১৯০ পরিবারকে দেয়া হচ্ছে টিসিবির পণ্য। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গণি মিয়া ও ১, ২, ৩নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মুনতাহা আক্তার।