ভৈরবে করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ২০ মার্চ বোববার সকাল সাড়ে ১০টায় ভৈরব পৌর শহরের ১নং ওয়ার্ড এলাকায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ ও ১নং ওয়ার্ড কাউন্সির আল আমিন সৈকত ও টিসিবি’র ডিলার আতাউর রহমান প্রমুখ।
এছাড়া পৌর এলাকার ১নং ওয়ার্ড ছাড়াও শিমুলকান্দি ইউনিয়নেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশ ব্যাপী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপণ্য সামগ্রী বিতরণের পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ পৌরসভার ১নং ওয়ার্ডে টিসিবির নিত্যপণ্য সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
তিনি আরো বলেন ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে উপজেলার পৌর এলাকার ১২টি ওয়ার্ড ও উপজেলার ৭টি ইউনিয়নের ১৬ হাজার ৫৯৮ পরিবার টিসিবির পণ্য পাবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মশুর ডাল ও ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন।