ভৈরবে করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল ২০ মার্চ থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১৬ হাজার ৫শ ৯৮ পরিবার। আজ ১৯ মার্চ শনিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, টিসিবির পণ্য বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার সভাপতি ও সহকারী কমিশনার সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং পৌর মেয়রকে সভাপতি করে পৌরসভা কমিটি করা হয়েছে। ভৈরব উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও পৌর মেয়রসহ কাউন্সিলরগণদের মাধ্যমে উপকারভোগী পরিবার তালিকা তৈরী করে আবার উপজেলা প্রশাসনের মাধ্যমে যাচাই বাচাই করে পূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। ভৈরব পৌরসভায় ৪ হাজার ৪১২ জন ও প্রণোদনার আওতায় ১ হাজার ৭০৫ জনসহ মোট ৬ হাজার ১১৭ জনকে এবং উপজেলার ৭ ইউনিয়নে ৭ হাজার ৭৪ জন ও প্রণোদনার আওতায় ৩ হাজার ৪০৭ জনসহ ১১ হাজার ৪৮৬ জনসহ মোট ১৬ হাজার ৫৯৮ জনকে টিসিবির পণ্য দেয়া হবে। প্রথম ধাপে ডাল, চিনি ও তেল বিক্রি করা হবে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে। প্রত্যেক পরিবারের মাঝে দুই লিটার করে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে, দুই কেজি মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা দরে, দুই কেজি করে চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রথম ধাপে এই পণ্য সংগ্রহ করবে স্থানীয় ডিলারদের কাছ থেকে। রমজান উপলক্ষে ২০ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে একই দামে ডাল, চিনি তেল এর সাথে ছোলাসহ কিছু নতুন পণ্য কিনতে পারবে ক্রেতারা। পৌরসভার ১২ ওয়ার্ডে ও উপজেলায় ৭ ইউনিয়ন পরিষদের পরিষদ চত্বরে ট্যাগ টিম এসব কার্যক্রম তদারকি করবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ আরো বলেন, নিত্যপ্রয়োজনীর পণ্যের বাজারমূল্য বৃদ্ধিরোধে এ টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছে সরকার। সারাদেশে ১ কোটি পরিবারকে এই টিসিবির আওতায় আনা হয়েছে। সরকার ভর্তুকি দিয়ে হলেও নিত্য প্রয়োজনী পণ্য দাম নিয়ন্ত্রণে আনতে এবং হত দরিদ্র ও উপকারভোগীদের সহায়তা করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভসহ সাংবাদিকবৃন্দ।