করোনা পরিস্থিতি ও পবিত্র রমজন উপলক্ষে সরকারের ভর্তুকি মূল্যে কিশোরগঞ্জের ১৩ উপজেলা ও ৮ পৌরসভার ২ লাখ ৮২ হাজার ৫৭০টি পরিবার টিসিবির পণ্য পাবে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের তত্ত্বাবধানে উপজেলা কমিটি এবং পৌর মেয়রদের তত্ত্বাবধানে পৌরসভা কমিটি উপকারভোগী পরিবার নির্বাচন করে তালিকা প্রস্তুত করেছে। প্রথম দফায় আগামীকাল ২০ মার্চ রোববার সারাদেশের সঙ্গে কিশোরগঞ্জে এসব পণ্য বিপণন উদ্বোধন হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আজ ১৯ মার্চ শনিবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, প্রথম ধাপে ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক পরিবারকে ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল, আর ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি দেয়া হবে। প্রথম দিন জেলার ৩২টি জায়গায় ৭৫ হাজার ৫শ’ পরিবারকে পণ্য দেয়া হবে। ৩০ মার্চ পর্যন্ত যে কোনদিন একেকটি পরিবার তাদের বরাদ্দের মালামাল সংগ্রহ করতে পারবে। এরপর রমজান উপলক্ষে ৩ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে একই দামে ওই তিনটি পণ্যের সঙ্গে দেয়া হবে দুই কেজি করে ছোলা। এর জন্য প্রত্যেক পরিবারকে দুই ধাপের জন্য দু’টি করে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। ট্যাগ টিম এসব কার্যক্রম তদারকি করবে। প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। টিসিবির মালামাল ইতোমধ্যে জেলার সরকারি খাদ্য গুদামে মজুদ করা হয়েছে। জেলায় টিসিবির ডিলার রয়েছেন ৮৫ জন।
জেলা প্রশাসক জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার রমজান মাসকে সামনে রেখে সারা দেশে ১ কোটি পরিবারকে দু’দফায় টিসিবির পণ্য প্রদান করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।