ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মনির হোসেন মোউসম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত মনির হোসেন মোউসম ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার সাজিদ মিয়া বাড়ির মরহুম বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান এর ছেলে। আজ ১৯ মার্চ শনিবার রাত ৩টার দিকে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকঘাতে মোউসমের প্রচণ্ড রক্তক্ষরণ হয়।
এ বিষয়ে আহতের ভাই ভৈরব পৌর স্বেচ্ছাসেবক লীগের ২নং ওয়ার্ডের সাধারণ মশিউর রহমান মুরাদ জানান, আমার ভাই আমার সাথে ঢাকায় ব্যবসা করে। পবিত্র শবে বরাত উপলক্ষে বাড়িতে এসে ভৈরবের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নূরানী জামে মসজিদে নামাজ আদায় করে রাত ৩টার দিকে সিলেট বাসস্ট্যান্ডে ফল কিনতে যায়। পরে ছিনতাইকারীদের কবলে পড়লে ছিনতাইকারীরা তাকে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় মনির হোসেন মোউসমকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।