নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। সকাল ৭টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)-এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসংদ, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন উপজেলায় ৫০টি জাতীয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত ট্রাক শোভাযাত্রা ও সেখানে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে সপ্তাহব্যাপী মেলা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।