নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার এবং যথাযথ পৌরসেবার দাবিতে কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির পৌর কমিটি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে পার্টির জেলা কার্যালয় সংলগ্ন স্টেশন রোডে পৌর কমিটির সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে পার্টির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ-সভাপতি অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, সদস্য বিলকিস বেগম রোজি, শাহাব উদ্দিন, সদর উপজেলা কমিটির সভাপতি ডা. স্বপন ভৌমিক, পৌর কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী, করিমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, মহিনন্দ ইউনিয়ন কমিটির সভাপতি মাহবুবুল আলম, অটোচালক জালাল উদ্দিন, ওয়ার্কশপ শ্রমিক আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, স্বাধীনতার লক্ষ্য ছিল মানুষের জীবনমান উন্নত করা, ধন বৈষম্য নিরসন করা। আজ একটি শ্রেণি আকাশচুম্বি অর্থবিত্তের মালিক হচ্ছে, বাকি মানুষগুলোর সাথে তাদের সম্পদের ব্যবধান বেড়েই চলেছে। মাথাপিছ আয়ের যে হিসাব দেয়া হয়, তাতে দরিদ্র মানুষগুলোর প্রকৃত জীবনচিত্র চাপা পড়ে যায়, মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। ধনী-দরিদ্রের আয়ের গড় করে মাথাপিছু আয় বের করলে গরিবের অবস্থা উন্নত হয়ে যায় না। এ ক্ষেত্রে মনযোগ দেয়ার জন্য বক্তাগণ প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, এসব বৈষম্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। কাজেই জনমতের প্রতি লক্ষ্য রেখে দ্রব্যমূল্য হ্রাস এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব থেকে সরে আসার জন্য বক্তাগণ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।