দালালের খপ্পরে পড়ে ভারতীয় জাল পাসপোর্টে সৌদী গিয়ে এখন সেখানে কারাবন্দী ওয়াদুদ (৩৯) নামে কিশোরগঞ্জের এক যুবক। শিশুকন্যা উম্মিয়ার আড়াই বছর বয়সে বাবা ওয়াদুদ মিয়া দালাল ধরে সৌদী আরব গিয়েছিলে পরিবারে সচ্ছলতা আনতে। কিন্তু দালাল ৬ লাখ টাকা নিয়ে কৌশলে ভারতের জাল পাসপোর্ট বানিয়ে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে ওয়াদুদকে সৌদী আরব পাঠিয়ে দেন। সেখানে বৈধ কোন চাকরি না পেয়ে বছরের পর বছর পালিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। কিন্তু মাসখানেক আগে তিনি সৌদী পুলিশের হাতে ধরা পড়ে এখন কারাগারে বন্দী।
একমাত্র সন্তান উম্মীয়া এখন তৃতীয় শ্রেণির ছাত্রী। অন্যদের বাবাকে দেখে তারও মন চায় বাবাকে দেখতে। মন চায় বাবার কোলে উঠতে। ঈদের দিন অন্য শিশুদের নতুন জামা পরিয়ে তাদের বাবারা বেড়াতে যান। উম্মিয়া ফেল ফেল তাকিয়ে থাকে। তার বাবা নতুন জামা নিয়ে আসেন না, বেড়াতে যান না। মায়ের পক্ষে সম্ভব হয় না বাবাকে এনে দেয়া, পারেন না কোন সদুত্তর দিতে। এসব বর্ণনা দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন উম্মিয়ার মা মোছা. জেসমিন। অসহায় জেসমিন গতকাল ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্বামীকে ফেরত আনার ব্যবস্থা করার জন্য আর্জি জানিয়ে আবেদন পাঠিয়েছেন। অনুলিপি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসককে।
আবেদনে জেসমিন লিখেছেন, তার স্বামী করিমগঞ্জ উপজেলার টামনী আকন্দপাড়ার মৃত আবু তাহেরের ছেলে মো. ওয়াদুদ মিয়াকে কিশোরগঞ্জ সদর উপজেলার গালিমগাজী এলাকার মৃত হিরু মিয়ার ছেলে মো. কামাল মিয়া ৬ লাখ টাকা নিয়ে ভারতের জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সৌদী আরব পাঠিয়েছেন। মাসখানেক আগে ওয়াদুদ মিয়াকে সৌদী পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। ভারতের জাল পাসপোর্ট থাকায় ওয়াদুদক সৌদী সরকার ভারতে পাঠিয়ে দেবে বলে জেসমিন শুনেছেন। কিন্তু অসহায় জেসমিনের পক্ষে ভারতে গিয়ে কোন আইনগত প্রতিকারের ব্যবস্থা নেয়া সম্ভব নয়। একমাত্র শিশুকন্যা নিয়ে তিনি খুবই কষ্টে দিনযাপন করছেন। এমতাবস্থায় তিনি প্রতারক কামাল মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার স্বামীকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদনে আকুতি জানিয়েছেন।
এ প্রতিনিধির সাথে আলাপকালে জেসমিন বলেন, তার স্বামী ওয়াদুদ আগে সাভারে একটি সুয়েটার কারখানায় কাজ করতেন। আর দালাল কামাল মিয়া এক সময় সৌদী আরবে থাকতেন। ফলে ওয়াদুদ বাড়ি আসলে কামাল মিয়া তার কাছে সৌদী ভিসা আছে জানিয়ে সৌদী আরবে চাকরির প্রলোভন দেখালে ওয়াদুদ ঋণ করে এবং জমি বন্ধক রেখে কামাল মিয়াকে ৬ লাখ টাকা দেন। এরপর ভারতের জাল পাসপোর্ট বানিয়ে ওয়াদুদকে চট্টগ্রাম বিমান বন্দরের মাধ্যমে সৌদী আরবে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু ওয়াদুদের সৌদী গমন সম্পূর্ণ অবৈধ হওয়ায় তিনি সেখানে বছরের পর বছর পালিয়ে পালিয়ে কষ্টকর কাজে নিয়োজিত থাকেন। অবশেষে মাসখানেক আগে তিনি সৌদী পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি সৌদী থেকে ভারতে ফ্লাইট আসার কথা রয়েছে বলে জেসমিন জানতে পেরেছেন। আর সেদিন তার স্বামীকে ভারত ফেরত পাঠানো হবে এবং ভারতে তাকে আবার কারাগারে ঢোকানো হবে। কিন্তু ভারতে গিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার কোন সামর্থ্য জেসমিনের নেই। ফলে চারিদিকে তিনি অন্ধকার দেখছেন। সেই কারণেই কয়েকজনের পরামর্শে তিনি পররাষ্ট্র সচিব বরাবরে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, দালাল কামাল মিয়াও সৌদী আরবে ৫ বছর আগে একটি অপরাধে কারাগারে গিয়েছিলেন। যে কারণে তিনি এখন আর সেখানে যেতে পারছেন না। ফলে অন্য কোন দেশে যাওয়ার চেষ্টা করছেন। ওয়াদুদের মত আরও কয়েকজনকে কামাল মিয়া এরকম অবৈধভাবে সৌদী আরব পাঠিয়েছেন বলে জেসমিন জানিয়েছেন।
জেসমিন তাদের ফুটফুটে একমাত্র কন্যা সন্তান উম্মিয়াকে দেখিয়ে বলেন, মেয়ে কেবল তার বাবাকে দেখতে চায়। অন্য শিশুদের বাবাদের দেখে তারও ইচ্ছা হয় বাবাকে কাছে পেতে, বাবা বলে ডাকতে, বাবার আদর পেতে। অন্য শিশুদেরকে বাবার সঙ্গে দেখে উম্মিয়ার ভীষণ মন খারাপ হয়। কিন্তু তার বাবাকে আমি কি করে এনে দেব! এ কথা বলেই জেসমিন হাউমাউ করে কাঁদতে থাকেন। মেয়েটি অসহায়ের মত তাকিয়ে থাকে।
এ বিষয়ে কথা বলার জন্য আদম পাচারকারী কামাল মিয়ার মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি বার বার সংযোগ কেটে দেন।