কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাঁই। আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এগুলির মধ্যে ছিল হোটেল, খেলার সরঞ্জামের দোকান, ওষুধের দোকান, টায়ার এবং ডিজেল-পেট্রোলের দোকান, টিভির ওয়ার্কশপ, ভাঙারি দোকান ও সেলুন। আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের পোড়া মালামাল ও ঘরের ক্ষতিগ্রস্ত অংশ এক জায়গায় স্তুপ করছেন। ব্যবসায়ী পারভেজ ও সজল দেবনাথসহ অন্যদের সঙ্গে আলাপ করে জানা যায়, আজ রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর সকাল পৌনে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রফিকের হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়ীরা মন্তব্য করেছেন। এই অগ্নিকাণ্ডে ৮টি দোকানের মালামাল ও ঘরসহ আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা দিয়েছেন। তবে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণের বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে।