প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ সামগ্রিক হালচাল নিয়ে কিশোরগঞ্জে বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) পর্যালোচনা সভা করেছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ডিপিএফ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আজ ২৬ জানুয়ারি বুধবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ছাড়াও আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক খান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রাণী দাস, আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপিএফ জেলা কমিটির সম্পাদক মীর আশরাফ উদ্দিন।
জেলা প্রশাসক বলেছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত্তি। ভিত্তি যদি মজবুত করে গড়ে তোলা না যায়, তাহলে এর পরবর্তী বিকাশ মানসম্মত হবে না। তবে এখন শিক্ষা কার্যক্রমে সৃজনশীলতা আসছে। ক্লাশে আনন্দের পরিবেশ বেড়েছে। শ্রেণি কক্ষগুলো শিক্ষণীয় বাণী ও চিত্রকলা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। জ্ঞান জগতের পরিধি বাড়ছে। প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে। এর সঙ্গে খাপ খাওয়াতে হবে। করোনার কারণে আমাদের অভিজ্ঞতা হয়েছে, অনলাইন পাঠদানেও দক্ষ হতে হবে। শিক্ষকদের সামগ্রিক দক্ষতায় আরও প্রশিক্ষণ দরকার। তিনি বলেন, অন্যান্য সরকারি কর্মকর্তারা নিজ জেলা থেকে অন্য জেলায় গিয়ে চাকরি করেন। কিন্তু প্রাইমারি শিক্ষকরা প্রধানত নিজ বাড়িতে থেকে শিক্ষকতা করতে পারছেন। এতে তাদের অনেক পারিবারিক ও আর্থিক সুবিধা হচ্ছে। তাদের গ্রেডও উন্নত করা হয়েছে। ফলে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। নিজের কাজের নিজেই তদারকি করে শুদ্ধাচার চর্চা করতে হবে। এখন এসএমসি চাইলেই শিক্ষক নিয়োগ দিতে পারে না। ফলে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ হচ্ছে। এসডিজি গোলের জন্যও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনবল তৈরি করতে হবে। উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষারও গুরুত্ব রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেছেন, শিক্ষার উন্নয়নে সরকার অনেক ভাল ভাল কাজ করেছে। সরকার বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে। অনেকে অবশ্য কোচিং সেন্টারের বিরুদ্ধে কথা বলছেন। তবে কোচিং সেন্টার বন্ধ করতে হলে বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা দিতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, এসএমসি’কে সক্রিয় করতে হবে। তারা উদ্যোগী হলে একটি স্কুল খারাপ চলতে পারে না। সরকার বিদ্যালয়গুলোকে সহযোগিতা দিচ্ছে। জেলার ২০০ প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ টাকা করে দিয়েছে। অবকাঠামোগত উন্নতি হয়েছে। সরকার আরও নতুন নতুন স্কুল নির্মাণ করে দেবে। কেউ জমি দান করলে তার নামে স্কুল করে দেবে, শিক্ষক নিয়োগ দেবে।
সমাজসেবার উপ-পরিচালক বলেছেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা দিচ্ছে। কোন প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার বাইরে থাকলে তার তথ্য দিলে ভাতার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।
সভাপতি তার বক্তব্যে বলেছেন, কোচিং সেন্টারে মানসম্মত পড়াশোনা হয় কি না, দেখা দরকার। কলেজের শিক্ষকরা কোচিং করান। কলেজে মনযোগ দিয়ে পড়ান না। কিন্তু সরকার কোচিং চায় না। শিক্ষকদের বেতনস্কেল উন্নত করা হয়েছে। তিনি বলেন, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ডিপিএফ টিম পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি ‘পজিশন পেপার’ তৈরি করেছে। এতে প্রাথমিক শিক্ষার কিছু চিত্র উঠে এসেছে। এর ভিত্তিতে কাজ করলে আগামীতে আরও সুফল আসবে বলে তিনি মন্তব্য করেছেন।