হোসেনপুরের উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার সকালে ব্র্যাক হোসেনপুর এলাকা অফিস ও বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেছেন। তিনি ব্র্যাক হোসেনপুর কার্যালয়ে পৌঁছলে ব্র্যাক কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর আয়োজনে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায় পরিচালিত প্রাথমিক চক্ষু শিবির উদ্বোধন করেন। পরে তিনি আল্ট্রা পুওর গ্রাজুয়েশন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মাঝে বিতরণকৃত গোসম্পদ ফলোআপ করেন। এসময় তিনি ৩ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নের জন্য পরিচালিত ব্র্যাকের সময়োপযোগী কর্মসূচী গ্রহণের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কর্মসূচী পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মনিরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচী) মো. বাবুল হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. তাজ উদ্দিন, শাখা ব্যবস্থাপক (দাবি) প্রদীপ কুমার পোদ্দার, আলট্রা পুওর গ্রাজুয়েশন কর্মসূচীর শাখা ব্যবস্থাপক নির্মল কুমারসহ অন্যরা উপস্থিত ছিলেন।