কুলিয়ারচরে এক দরিদ্র পরিবারের নাবালিকা মেয়ের সঙ্গে অপর এক নাবালক ছেলের প্রেমের সূত্র ধরে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে হয়েছে বলে জানা গেছে। তখন ছেলের প্রকৃত বয়স ১৫ বছর ৮ মাস, আর মেয়ের বয়স ১৬ বছর ৮ মাস ২১ দিন। এফিডেভিটে ছেলের বয়স ২১ বছর আর মেয়ের বয়স ১৮ বছর লেখা হয়েছে। এফিডেভিটের ১৭ মাসের মাথায় বিয়ের সম্পর্কে বিপর্যয়। এখন বরের বিরুদ্ধে আদালতে চলছে কনের যৌতুকের মামলা।
২০২০ সালের ১ জুলাই তারিখে করা এফিডেভিটের বয়ানে দেখা গেছে, কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের কান্দিগ্রাম এলাকার মাহবুবুর রহমান ছোটনের ছেলে রেজাউর রহমানের সঙ্গে একই ইউনিয়নের এক দরিদ্র পরিবারের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তারা এফিডেভিটের এক সপ্তাহ আগে ৩০ জুন মৌলভী দিয়ে ইসলামী শরিয়ত মতে পরস্পরকে বিয়ে করেছে বলে এফিডেভিটে লেখা হয়েছে। এফিডেভিটে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয় এবং বর-কনে উভয়ের স্বাক্ষর নেয়া হয়। এফিডেভিটে বরের বয়স লেখা হয়েছে ২১ বছর, আর কনের বয়স লেখা হয়েছে ১৮ বছর। কিন্তু জন্ম নিবন্ধনে দেখা গেছে মেয়েটির জন্ম ২০০৩ সালের ১০ অক্টোবর। সেই অনুযায়ী এফিডেভিটের দিন মেয়েটির বয়স ছিল ১৬ বছর ৮ মাস ২১ দিন। আর ছেলের বাবা এ প্রতিনিধিকে জানিয়েছেন, এফিডেভিটের সময় ছেলের বয়স ছিল ১৫ বছর ৮ মাস। তখন সে এসএসসি পরীক্ষার্থী।
এদিকে কিশোরগঞ্জের ২ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়েটির দায়ের করা মামলার (সিআর মামলা নং ৫/২০২২) বয়ানে বলা হয়েছে, বিয়ের পর ছেলে-মেয়ে স্বামী-স্ত্রী হিসেবে ঘর-সংসার করা অবস্থায় বর রেজাউর রহমান কনের কাছে বিভিন্ন সময় এক লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে। মামলায় স্বামীকে একজন যৌতুললোভী, নেশাখোর ও পরনারী আসক্ত বলে উল্লেখ করা হয়েছে। কনে তার গরিব বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে। এক পর্যায়ে গত ৩ ডিসেম্বর স্বামীকে বুঝিয়ে কনের বাবার বাড়িতে নিয়ে গেলে কনের বাবা-মা যৌতুক ছাড়া মেয়েকে স্বামীর বাড়িতে নিয়ে যেতে বললে স্বামী মেয়েটিকে বাবার বাড়িতে রেখে চলে যায় এবং বলে, এক লাখ টাকা যৌতুক দিলে মেয়েকে নিয়ে ঘর-সংসার করবে। অন্যথায় বেশি টাকা নিয়ে অন্যত্র বিয়ে করে ফেলবে। এর পর থেকে মেয়েটি বাবার বাড়িতেই রয়েছে। এখন স্বামী মেয়েটির কোন খোঁজখবর নেয় না, ভরণপোষণও করে না।
এদিকে আদালত মামলার শুনানিশেষে ছয়সূতি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন ঘটনার তদন্ত করে আগামী ২৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য। মেয়ের বাবা জানিয়েছেন, চেয়ারম্যান তার কাছে এ বিষয়ে অনুসন্ধানের জন্য এলাকার মেম্বারকে পাঠিয়েছিলেন।
বরের বাবা মাহবুবুর রহমান ছোটনকে বিয়ের বিষয়ে প্রশ্ন করলে এ প্রতিনিধিকে বলেন, বিয়ের সময় তার ছেলের বয়স মাত্র ১৫ বছর ৮ মাস। তখন সে এসএসসি পরীক্ষার্থী। না বুঝে এরকম একটি কাজ করে ফেলেছে। পরবর্তীতে মেয়ের বাবার সঙ্গে সমঝোতা হলে বাবা মেয়েকে তার বাড়িতে নিয়ে যান এবং এফিডেভিটের কাগজ উভয়ের সম্মতিতেই তারা ছিঁড়ে ফেলে দেন। কিন্তু এখন পরিবারের ভেতরকার শত্রুরা ছেলের বিরুদ্ধে মামলা করিয়েছে বলে ছেলের বাবা এ প্রতিনিধিকে জানিয়েছেন। কনের বাবাকে প্রশ্ন করলে ছেলের পরিবারের পক্ষ থেকে যৌতুকের টাকার জন্য চাপ দেয়া হতো বলে স্বীকার করেছেন।
এদিকে জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক ও সাধারণ সম্পাদক আতিয়া হোসেন বলেছেন, এফিডেভিটের মাধ্যমে কোন বিয়েই আইনসিদ্ধ নয়। এটা দণ্ডনীয় অপরাধ। ফলে তারা এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ের ব্যবস্থা করে দেয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।