কিশোরগঞ্জে সরকারি ভর্তুকি মূল্যের ৫টি কম্বাইন হার্ভেস্টার বরাদ্দ দেয়া হয়েছে একটি রাজাকার পরিবারে। তাও আবার স্বামী-স্ত্রীর নামেই দু’টি হার্ভেস্টার দেয়া হয়েছে। তাদের কোন জমি নেই। আর এসব হার্ভেস্টার এলাকাতেই আনা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার এক কৃষক জেলা প্রশাসক বরাবরে তদন্তের দাবি জানিয়ে গতকাল ১৭ জানুয়ারি সোমবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ইতোপূর্বে কৃষি মন্ত্রী এবং দুদকেও লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেন বলেছেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই উপজেলা বরাদ্দ কমিটি এসব হার্ভেস্টার বিতরণ করেছে। বরাদ্দ কমিটির রাজাকার বাছবিচার করার কথা নয় বলেও তিনি মন্তব্য করেছেন।
সরকার আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে দ্রুততর সময়ের মধ্যে জমির ধান কাটার লক্ষ্যে হাওরের কৃষকদেরকে ৭০ ভাগ ভর্তুকী মূল্যে কম্বাইন হার্ভেস্টার দিচ্ছে। ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’র আওতায় এসব কম্বাইন হার্ভেস্টার বরাদ্দ দেয়া হচ্ছে। এই নীতিমালা অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের হাওর অধ্যুষিত এলাকার জন্য ১৮টি কম্বাইন হার্ভেস্টার বরাদ্দ দেয়া হয়েছে। সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে কেবলমাত্র দানাপাটুলি ইউনিয়নের একাংশ হাওর।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পুরো ইউনিয়নে ১২শ’ হেক্টর কৃষি জমি রয়েছে। এর মধ্যে ৬শ’ হেক্টর জমি হাওরের আওতায় পড়েছে। কিন্তু এই হাওরের জন্য ৭০ ভাগ ভর্তুকির কয়েকটি হার্ভেস্টার এলাকায় না এনেই গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৩০ লাখ টাকা দামের একেকটি হার্ভেস্টারে সরকার ২০ লাখ টাকার বেশি ভর্তুকি দিয়েছে। একটি রাজাকার পরিবারেই ৫ জনের নামে উচ্চ মূল্যের এসব কম্বাইন হার্ভেস্টার বরাদ্দ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবার ওই পরিবারের স্বামী-স্ত্রী দু’জনের নামে আলাদা করে দু’টি হার্ভেস্টার বরাদ্দ দেয়া হয়েছে! অন্য এক রাজাকার পরিবারের এক ব্যক্তির নামেও একটি হার্ভেস্টার বরাদ্দ দেয়া হয়েছে। এ ব্যাপারে এলাকার এক কৃষক গতকাল সোমবার জেলা প্রশাসক বরাবরে তদন্তের দাবি জানিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামের বকুল মিয়া নামে ওই কৃষকের লিখিত অভিযোগে দেখা গেছে, সরকারি ৭০ ভাগ ভর্তুকির ১৮টি কম্বাইন হার্ভেস্টার এলাকায় বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে অভিযুক্ত করে লেখা হয়েছে, তিনি অসদুপায় অবলম্বন করে গোপনে এক রাজাকার পরিবারের মাঝে ৫টি হার্ভেস্টার বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে আবার স্বামী-স্ত্রীর নামেই দু’টি হার্ভেস্টার দেয়া হয়েছে। এরা হলেন, মৃত রাজাকার জামাল উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম লাভলী, তাদের তিন ছেলে সরন আহম্মেদ জয়, হেদায়েতুল ইসলাম সুজন ও আশরাফুল ইসলাম এবং হেদায়েতুল ইসলাম সুজনের স্ত্রী মোছা. তাসলিমা। যেহেতু স্ত্রী তাসলিমার জাতীয় পরিচয় পত্রে স্বামীর পরিবর্তে বাবা ফারুক সরকারের নাম রয়েছে, সেই সুযোগটি কাজে লাগিয়ে স্বামী সুজনের পাশাপাশি স্ত্রী তাসলিমার নামেও একটি হার্ভেস্টার বরাদ্দ করানো হয়েছে বলে তালিকার ১০নং ক্রমিকে তার নাম দেখা গেছে। আর স্বামী সুজনের নাম রয়েছে তালিকার ৬নং ক্রমিকে। দু’জনের ঠিকানাও একই, বাঁশহাটি গ্রাম উল্লেখ করা হয়েছে। অথচ তাসলিমার বাবার বাড়ি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাবইকান্দি এলাকায় বলে জানিয়েছেন অভিযোগকারী বকুল মিয়া। এছাড়া অপর একটি রাজাকার পরিবারের সদস্য সরু মিয়ার ছেলে মো. মাসুদ মিয়াকেও একটি হার্ভেস্টার দেয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এগুলি এলাকায় না এনেই অন্যত্র বিক্রি করে দেয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। সরকার প্রতিটি হার্ভেস্টারে ২০ লাখ ৩০ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব পরিবারের কোন জমিজমাই নেই বলেও অভিযোগে বলা হয়েছে। অথচ এলাকার কৃষকরা হার্ভেস্টার না পেয়ে বেশি মূল্যে শ্রমিক দিয়ে ধান কাটিয়েছেন এবং বৃষ্টিতে ধান নষ্টও হয়েছে বলে বকুল মিয়ার অভিযোগে উল্লেখ রয়েছে।
বকুল মিয়া এর আগেও গত ১৩ ডিসেম্বর কৃষি মন্ত্রীর কাছে এবং ২০ ডিসেম্বর দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। মন্ত্রীর কাছে লিখিত অভিযোগের সূত্র ধরে তখন দৈনিক পূর্বকণ্ঠে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। এখন একাধিক গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তদন্ত করছে বলে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেন এ প্রতিনিধিকে জানিয়েছেন। কৃষক বকুল মিয়ার লিখিত অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে প্রশ্ন করলে জানান, তিনি রাজধানীতে জেলা প্রশাসকদের সম্মেলনে রয়েছেন। কিশোরগঞ্জ ফিরে তিনি অভিযোগের বিষয়টি দেখবেন।
এদিকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেনকে স্বামী-স্ত্রীর নামে দু’টি হার্ভেস্টার বরাদ্দ দেয়ার বিষয়ে প্রশ্ন করলে বলেন, হার্ভেস্টার বরাদ্দের নীতিমালায় বলা আছে, যে কোন আগ্রহী ব্যক্তিই হার্ভেস্টার নিতে পারবেন। ফলে একজনকে দু’টি হার্ভেস্টার দেয়া যাবে না, বা স্বামী-স্ত্রীকে দু’টি হার্ভেস্টার দেয়া যাবে না, এমন কথা নীতিমালায় লেখা নেই। তিনি প্রকল্প কর্মকর্তা মো বেনজির আলম স্বাক্ষরিত নীতিমালার কাগজ দেখিয়ে বলেন, হার্ভেস্টর বরাদ্দের জন্য একটি কমিটি রয়েছে। তারাই যাচাইবাছাই করে অনুমোদন দেন। প্রান্তিক কৃষকগণ দল গঠনের মাধ্যমে মূলধন সংগ্রহ করেও হার্ভেস্টার নিতে পারবেন। এতগুলো হার্ভেস্টার দানাপাটুলির হাওরে কেন ধান কাটায় ব্যবহৃত হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে কৃষি কর্মকর্তা বলেন, হার্ভেস্টার ভাড়ায় গিয়ে অন্য এলাকার ধানও কাটতে পারবে। তবে সরকার হাওরের জন্য ৭০ ভাগ, আর সমতল এলাকার জন্য ৫০ ভাগ ভর্তুকি দিচ্ছে। ফলে ৭০ ভাগ ভর্তুকির সুযোগ নিয়ে হাওর বাদ দিয়ে ৫০ ভাগ ভর্তুকির সমতল এলাকায় ফসল কাটা অনৈতিক কি না, এমন প্রশ্নের তিনি কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
এদিকে এলাকাবাসী জানান, দানাপাটুলি ইউনিয়নের যে ৬শ’ হেক্টর জমি হাওরের আওতায় পড়েছে, এসব জমির ধান কাটার জন্য ১৮টি হার্ভেস্টারের দরকার পড়ে না। দুর্নীতির উদ্দেশ্যেই এতগুলো হার্ভেস্টার বরাদ্দ করানো হয়েছে বলে তারা মন্তব্য করেছেন।