স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ইউনিয় পরিষদের আইন শৃংখলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয় করণের দাবিতে তারা কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আজ ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিপুল সংখ্যক গ্রাম পুলিশ ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন।
বাংলাদেশ গ্রাম বাহিনী কর্মচারী ইউনিয়নের যুগ্ম-মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. আবুল হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু ১৯৭৫ সালে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে স্ব-উদ্যোগে চাকুরী জাতীয়করণের আদেশ প্রদান করেন। যা ১৯৭৬ সনের ১৭ জানুয়ারি স্মারক নং এস/১/১ ইউ-৫/৭৬/১৮/১(৬৬) মূলে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় প্রেরণ করা হয়। জাতির পিতার সেই আদেশমূলে জারিকৃত পরিপত্রটি আজ অবধি বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর জাতীয়করণের আদেশটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে।