কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন খাতে সেবাগ্রহিতাদের সেবা প্রাপ্তির সুযোগ ও সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে (ডিপিএফ) আজ ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ডিপিএফ সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী ছাড়াও বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রাট মো. আবু তালেব, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহ, ডিপিএফ সম্পাদক মীর আশরাফ উদ্দিন, ফ্যাসিলিটেটর নূরে আলম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রার মো. আবু তালেব এক প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে বলেছেন, প্রত্যেক সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সিটিজেন চার্টারে কি ধরনের দলিলে, কয় পাতার দলিলে, কয় শব্দের দলিলে কত টাকা ফি লাগে, তা উল্লেখ করা আছে। প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অন্তত ১০০ জন দলিল লেখক কাজ করেন। দলিল লেখকরা হয়ত তাদের ফি বাবদ বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করে থাকেন। সেটা মাত্রার বাইরে হতে পারে না। সেবা গ্রহিতারা অফিসে যোগাযোগ করলে প্রতারণার শিকার হবেন না। এছাড়া যারা লেখাপড়া জানেন, তারা নিজেরাই নিজেদের দলিল লিখে সাব-রেজিস্ট্রিার অফিসে রেজিস্ট্রি করিয়ে নিতে পারেন। এতে আইনগত কোন সমস্যা নেই।
অষ্টগ্রামের ভাতশালা এলাকায় অলওয়েদার সড়ক নির্মাণ বাবদ সরকারিভাবে জমি অধিগ্রহণের অর্থ পরিশোধ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রধান অতিথি বলেছেন, সেখানে ১১৩ জনকে তাদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়েছে। করোনার কারণে কিছুটা বিলম্ব হলেও অন্যদের আবেদনগুলোও শুনানির অপেক্ষায় আছে। হাওরের ইটনা এবং মিঠামইন উপজেলায়ও শুনানি চলছে। তিনি জানান, তথ্য অধিকার আইনে ২০১৯ সালে জনগণকে সবচেয়ে বেশি তথ্য দেয়ার জন্য দেশের সেরা জেলা হয়েছিল কিশোরগঞ্জ। ভূমি ই-সেবায়ও কয়েকবার সেরা হয়েছে। তিনি কারও কোন অভিযোগ বা প্রশ্ন থাকলে সরাসরি তাকে ফোন করার জন্যও অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমরা জনগণের করের টাকায় বেতন পাই। আমাদের দায়িত্ব জনসেবা করা। গণশুনানির বিষয়টি প্রচার করতে হবে। কোথায় গেলে কি সেবা পাওয়া যাবে, সেগুলি প্রচার করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, এ ধরনের অনুষ্ঠান সেবাপ্রার্থী ও সেবাগ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে সুফল বয়ে আনবে। সমাজের পিছিয়ে থাকা অংশকে সহযোগিতা করে এগিয়ে নিতে হবে, তবেই সমাজ এগিয়ে যাবে। মাদক সংক্রান্ত ১৯৯০ সালের আইনকে সংশোধন করে ২০১৮ সালে আরও বিস্তৃত ও ব্যাখ্যামূলক এবং কার্যকর করা হয়েছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে কিছুদিন আগে দেশে প্রথমবারের মত কেরানিগঞ্জে মাদকাসক্ত নিরাময় হাসপাতাল উদ্বোধন করেছেন বর্তমান আইজিপি। পুলিশ সুপার নিজে বিভিন্ন অংশের মানুষের গণশুনানি করেন। জেলায় ৬টি সার্কেল রয়েছে। সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারগণও গণশুনানি করেন। আইন শৃংখলা উন্নয়নে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিট পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক বলেছেন, তার বিভাগের মাধ্যমে ৫০টিরও বেশি সেবা কার্যক্রম পরিচালিত হয়। ভাতাভোগিদের বাছাইয়ের জন্য ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের সভাপতিত্বে ১৮ সদস্যের কমিটি আছে। তাদের বাছাই করা তালিকা যায় উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে গঠিত কমিটির কাছে। এভাবে ভাতাভোগি বাছাই করা হয়। এক্ষেত্রে কোন টাকা লাগে না। সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা বলেছেন, তথ্য অধিকার আইন জনগণের মাঝে প্রচারের জন্য সরকার বিভিন্ন প্রকাশনা বিতরণসহ নানাভাবে চেষ্টা করছে। এর জন্য তথ্য কমিশন গঠিত হয়েছে। জেলায় তথ্য কমিশনের কার্যালয় না থাকায় তথ্য অফিসই তাদের হয়ে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যেই তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। জেলা তথ্য অফিসে প্রতি বুধবার সকাল ১১টায় গণশুনানি অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেছেন, তারা তিনটি কাজে গুরুত্ব দিয়ে থাকেন। অপারেশন, প্রচার ও মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে পাঠানো। অন্যান্য জেলায় একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস থাকলেও কিশোরগঞ্জে জেলা সদর ও ভৈরবে দু’টি অফিস রয়েছে। কারও বিরুদ্ধে কখনও মাদকের মামলা হলে তার সরকারি চাকরি হবে না। এখন ডোপ টেস্টও করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিয় পাঠ্যপুস্তকে মাদকের বিষয়টি সংযোজন করা হয়েছে। এখন ভয়ানক ও উচ্চমূল্যের তিন প্রকার মাদক দেখা যাচ্ছে। এলএসডি, ক্রিস্টাল ও ডিওবি। ডিওবি এমন এক ধরনের মাদক, এই মাদকে কেউ আসক্ত হলে তাকে দেশের বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের মাদকাসক্তদের দিয়ে দেশের বাইরে থেকেও নানা রকম বড় ধরনের অপরাধ সংঘটিত করাতে পারে। পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক বলেছেন, এখন ই-পাসপোর্ট হচ্ছে। গ্রাহকদের পাসপোর্ট করাতে অফিসে আসতেই হবে। তাদের চোখ এবং আঙ্গুলের ছাপ দিতে হয়। কাজেই এখন দালালের কোন করণীয় বা সুযোগ নেই।
সমাপনী বক্তৃতায় সভাপতি বলেছেন, ডিপিএফ কিশোরগঞ্জে তথ্য অধিকার আইন, দুর্নীতি বিরোধী দিবসসহ বেশ কয়েকটি ভাল অনুষ্ঠান করেছে। তবে আজকের অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত, ফলপ্রসু এবং কার্যকর অনুষ্ঠান হয়েছে। তিনি সবাইকে গণশুনানি কার্যক্রমের তাৎপর্য মানুষের মাঝে প্রচার করার জন্য আহবান জানিয়েছেন।